খাল ভরাট করে টেম্পোস্ট্যান্ড!
ঢাকার দোহার পৌরসভার জয়পাড়া পূর্ব বাজারে খাল ভরাট করে পৌরসভা টেম্পোস্ট্যান্ড বানাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এই টেম্পোস্ট্যান্ডের উত্তর-পূর্বে উপজেলা পরিষদ, উত্তর-পশ্চিমে বেগম আয়েশা বালিকা উচ্চবিদ্যালয়, দক্ষিণ-পশ্চিমে জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় এবং দক্ষিণ-পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টেম্পোস্ট্যান্ডের কারণে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। এ ছাড়া এতে হাসপাতালের রোগীদেরও সমস্যা হবে বলে মনে করছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌরসভার জয়পাড়া বাজারের ওপর দিয়ে পদ্মা নদীর একটি শাখা নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে গিয়ে মিশেছে। শাখা নদী থেকে একটি প্রশাখা খাল বের হয়ে জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় এবং বেগম আয়েশা পাইলট উচ্চবিদ্যালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আড়িয়ল বিলে গিয়ে মিশেছে। স্থানীয়রা বলেন, সম্প্রতি দোহার পৌরসভার নিয়োগ করা ঠিকাদার টেম্পোস্ট্যান্ডের জন্য ওই খাল ভরাট করেছেন। খালের মধ্যে টেম্পোস্ট্যান্ড তৈরির কথা স্বীকার করে দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘আমরা খাল ভরাট করিনি, আগেই খাল ভরাট হয়ে গিয়েছিল।’ তিনি জানান, ১৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে এই টেম্পো স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে। এ জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া জাহান বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি খাল ভরাট করা হয়েছে। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমিন বলেন, পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে জানায়নি। সরকারি খাল ভরাট করে টেম্পো স্ট্যান্ড করার এখতিয়ার পৌরসভার নেই।