খাল ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি খাল ভরাট করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এ কারণে বৃষ্টির পানি নামতে না পারায় এলাকার প্রায় সাত হাজার বিঘা জমির ফসল তলিয়ে গেছে।গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পাঁচ্চর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশের একটি খালে বাঁধ দিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। খালের পানি সরার জন্য বাঁধের নিচে একটি পাইপ বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খালটি ভরাট হওয়ায় ও পাইপের মুখ মাটিতে বন্ধ থাকায় বিলে জমে থাকা বৃষ্টির পানি নামতে পারছে না। এ কারণে মাদবরেরচর ইউনিয়নের সাত-আটটি গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ওই এলাকার বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ্চর এলাকার আলীমুদ্দিন উকিল ২০১০ সালের দিকে তাঁর বাড়িতে যাতায়াতের রাস্তা নির্মাণের জন্য চারজনের নামে মাদারীপুর সওজ বিভাগ থেকে ৮ শতাংশ জমি ইজারা নেন। ওই জমি ভরাট করে তিনি রাস্তা ও দোকানঘর নির্মাণ করছেন। এতে একটি খাল ভরাট হয়ে গেছে। ফলে ওই খাল দিয়ে পানি নামা বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও মহাসড়কের উত্তর ও দক্ষিণ পাশে আরও ২৫-৩০ জন অবৈধ দখলদার রয়েছেন। তাঁরাও খাল ভরাট করে দোকানপাট তুলে ব্যবসা করছেন।ওই খাল দিয়ে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি, চর রঘুনাথপুর, খাড়াকান্দি, পাঁচ্চরসহ আশপাশের আরও ছয়টি এলাকার পানিনিষ্কাশন হয়। ওই পানি পাঁচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের নিচের একটি কালভার্ট দিয়ে ময়নাকাটা নদীতে গিয়ে পড়ে। বাখরেরকান্দি গ্রামের আলমগীর হোসেন খান জানান, বৃষ্টির পানি সরতে না পারায় তাঁর ধানের খেত তিন-চার দিন ধরে তলিয়ে রয়েছে। এ অবস্থা কয়েক দিন থাকলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আলীমুদ্দিন উকিল বলেন, ‘প্রায় সাড়ে তিন বছর আগে আমার স্ত্রী ও এক ভাইয়ের নামে ৮ শতাংশ জমি ইজারা নিয়েছি। আমি তো পাইপ কালভার্ট দিয়েছি। কালভার্ট দিলে কী হবে। অনেকে খালের বিভিন্ন স্থান অবৈধভাবে ভরাট করায় পানি সরছে না।’মাদারীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী নওশের আলী জানান, তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং জলাবদ্ধতা দেখেছেন। তিনি দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ বলেন, পানিনিষ্কাশনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।