খাল ভরাট করে দোকানঘর করছেন বিএনপির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। তবে ওই নেতার দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব জায়গা মেপে তাঁকে বুঝিয়ে দেওয়ার পর তিনি এ কাজে হাত দিয়েছেন। তবে ইউপি সচিব এ বক্তব্য নাকচ করে দিয়েছেন।ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে মুন্সিবাজার পর্যন্ত বিস্তৃত খন্দকার নূরু মিয়া বাইপাস সড়ক। বাইপাসের মাঝামাঝি স্থানে উত্তর পাশ দিয়ে বয়ে গেছে হাওয়াখালী খাল। এই খালের পাশে কৈজুরি মৌজার ১০৮৩ নম্বর খতিয়ানের ৪৮১৫ নম্বর দাগে আড়াই শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এ স্থাপনা। গত ১৫ মার্চ শুরু হয়েছে এ কাজ। ১৬ ফুট প্রস্থ ও ৮৬ ফুট দৈর্ঘ্যের এই জায়গায় সাতটি দোকানঘর নির্মাণ করছেন। ফরিদপুর কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রউফ উন নবী। ৩ জুন সরেজমিনে দেখা গেছে, হাওয়াখালী খালের পাড়ে দোকানগুলো নির্মাণ করা হচ্ছে। দোকানের তিন দিক পাকা করা হলেও ছাদ দেওয়া হচ্ছে টিন দিয়ে। সামনের দিকে বারান্দার অংশে আটটি আরসিসি কলাম করা হলেও খালের দিকে কোনো কলাম করা হয়নি। নবনির্মিত দোকানের সামনে ও পেছনে খালটি ছয়-আট ফুট চওড়া হলেও দোকানের জায়গার এর প্রস্ত তিন ফুটে নেমে এসেছে। ফরিদপুর সড়ক বিভাগের ওই এলাকার সার্ভেয়ার শামীম হোসেন বলেন, ওই দোকানগুলোর শতকরা ৮০ ভাগই পড়েছে খালের খাসজমিতে। তবে রউফ উন নবীর দবি, ২০১০ সালে ১০৮৪ দাগে তিনি ১৩ শতাংশ জমি কিনেছেন। ওই জায়গাতেই দোকানঘর করা হচ্ছে। ইউপি সচিব নিজে উপস্থিত থেকে জায়গা মেপে বুঝিয়ে দেওয়ার পরই তিনি কাজে হাত দিয়েছেন। তিনি দাবি করেন, ৪০-৪৫টি কালভার্ট হওয়ায় খালটির মৃতপ্রায় দশা হয়েছে। তা ছাড়া ওই খালটি এলাকাবাসীর কোনো কাজেও লাগে না।কৈজুরি ইউপির সচিব মো. জুলফিকার আলী বলেন, ‘খালের জমির যে অংশে ওই মার্কেটটি নির্মাণ করা হচ্ছে, সে জায়গা আমি মাপিনি। আমাদের নকশা অনুযায়ী ওই খালটি অনেক চওড়া। সেই হিসাবে খালের জায়গায় ওই বিপণিকেন্দ্র তো বটেই, এমনকি বাইপাস সড়কেও ঢুকে যেতে পারে।’এলাকার প্রবীণ ব্যক্তি মোসলেমউদ্দীন ফকির জানান, এই খাল দিয়ে এলাকার পানি প্রবাহিত হয়, যে কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় না। এলাকায় ময়লা-আবর্জনা দূর হয় এবং বর্ষার সময় এলাকাবাসী মাছ মেরে খায়। ইউপি সদস্য মো. কুদ্দুস শেখ বলেন, রউফ উন নবী ১৩ শতাংশ জমি কিনলেও ১২ শতাংশ জমি বাইপাস সড়কের মধ্যে চলে গেছে। বাকি এক শতাংশ জমিতে মার্কেট হওয়ার কথা নয়। নির্মাণাধীন ওই স্থাপনার তিন-চতুর্থাংশই পড়েছে খালের জায়গায়। খালের জায়গা দখল করে পুরোপুরি বেআইনিভাবে স্থাপনা করা হচ্ছে অভিযোগ করে কৈজুরি ইউপি চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহামঞ্চদ বলেন, জমি উদ্ধারের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।