খাল ভরাট করে সড়ক নির্মাণ, জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমেরবাজার এলাকায় খালে নির্মাণ করা হয়েছে সড়ক। ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমেরবাজার এলাকায় খালে নির্মাণ করা হয়েছে সড়ক। ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমেরবাজার এলাকায় রামদির খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছেন স্থানীয় এক ব্যক্তি। ফলে দুটি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও সনমান্দি ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত প্রেমেরবাজার সেতুর পূর্ব পাশে প্রায় ২০০ বছরের পুরোনো রামদির খাল বালু দিয়ে ভরাট করে সড়ক নির্মাণ করেছেন স্থানীয় মশুরাকান্দা গ্রামের প্রভাবশালী বাহাউদ্দিন মিয়া। তিনি তাঁর বাড়ির পাশে একটি কারখানা স্থাপন করছেন। ওই কারখানার মালামাল আনা-নেওয়ার জন্য তিনি খালে সড়ক নির্মাণ করেন।

বাহাউদ্দিন মিয়ার কারখানা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপক মোস্তফা মিয়া বলেন, ‘এই খালের ওপর নির্মিত সেতুটি সরু হওয়ায় আমাদের কারখানার মালামাল নেওয়া যাচ্ছিল না। তাই আমরা খালে বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করেছি। মালামাল আনা-নেওয়া শেষে প্রয়োজন হলে বাঁধ ভেঙে খালের আদি রূপ ফিরিয়ে দেওয়া হবে।’

গত সোমবার সরেজমিনে দেখা যায়, খালে বাঁধ দেওয়ায় বৃষ্টি ও বর্ষার পানি নিষ্কাশন হচ্ছে না। বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী, বামনা দিঘিরপাড়, সনমান্দি ইউনিয়নের হযরতপুর গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। খাল দখল ছাড়াও কারখানা কর্তৃপক্ষ তাদের মালামাল সড়কের ওপর রেখেছে। এতে কয়েক দিন ধরে সনমান্দি, মশুরাকান্দা, হামছাদীসহ পাঁচ গ্রামের মানুষ যানবাহনে চলাচল করতে পারছে না। হেঁটে চলাচল করছে।

সনমান্দি গ্রামের বাসিন্দা ইসমত আলী বলেন, কারখানা করার নামে প্রথমে খাল দখল, পরে সড়ক বন্ধ করে মালামাল রাখায় মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘এভাবে খাল ভরাট করে সড়ক নির্মাণ ও সড়ক বন্ধ করে মালামাল রাখার বিষয়টি এলাকাবাসী আমাকে অবগত করেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, ‘সরকারি খাল দখল করে সড়ক নির্মাণের অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যেই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’