খাল ভরাট করে ‘উপশহর’
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি খালের অংশবিশেষ ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলছে ‘গাজীপুর উপশহর লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। ভরাটের কারণে খালটির পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।স্থানীয় লোকজন জানান, কালিয়াকৈরের চা-বাগান এলাকা থেকে ভাওয়াল মির্জাপুর হয়ে টঙ্গীর দিকে বয়ে গেছে তুরাগ নদ। ওই নদের সঙ্গে যুক্ত ভাওয়াল মির্জাপুর এলাকার পাঁচ থেকে সাত কিলোমিটার একটি খাল। খালের ওপর ৪০০ থেকে ৫০০ ফুট দৈর্ঘ্য একটি সেতুও আছে।বর্ষা মৌসুমে লোকজন খালে নৌকা ও ট্রলারে করে বিভিন্ন পণ্য নিয়ে মির্জাপুর বাজারে আসে। খালের পানি সেচের কাজে ব্যবহার করেন কৃষকেরা। জেলেরা ধরেন মাছ।সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, খালের একটি অংশের জমির মালিক ছিলেন মির্জাপুর এলাকার প্রয়াত কেশর চন্দ্র সরকারের ছেলে রাধা গোবিন্দ সরকার ও তাঁর ভাই জয় গোবিন্দ সরকার। কিন্তু স্থানীয় প্রভাবশালী মো. দুলাল উদ্দিন দুই ভাইকে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র দামে কিছু জমি কেনেন। পরে তিনি তা উচ্চমূল্যে বিক্রি করেন গাজীপুর উপশহর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ উদ্দিনের কাছে। ওই জমি এখন প্লট আকারে বিক্রির কথা প্রচার করছেন ফিরোজ।সরেজমিনে দেখা গেছে, ভাওয়াল মির্জাপুর বাজারের ভেতর দিয়ে কিছুদূর গিয়ে কাঠ ব্যবসায়ীদের ১৫-১৬টি দোকান। এর পাশেই খালের মধ্যে মাটি ফেলে ২০ থেকে ২৫ ফুট উঁচু করা হয়েছে। সেখানে একটি সাইনবোর্ডে লেখা ‘বায়না সূত্রে এই জমির মালিক মো. ফিরোজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গাজীপুর উপশহর লিমিটেড। বায়নাকৃত জমির পরিমাণ সাড়ে ছয় বিঘা।’ ওই স্থানে দাঁড়ালে দক্ষিণ দিকে দেখা যায়, বড় একটি সেতু। আর উত্তর দিকে জমে আছে খালের পানি। সেখানে আরেকটি সাইনবোর্ডে লেখা ছিল ‘দুলাল কমপ্লেক্স’।মির্জাপুর এলাকার ব্যবসায়ী এমদাদ মুসল্লি বলেন, ‘মির্জাপুর এলাকার ওটি খাল নয়, একটি নালা। তবে খাল বা নালা যাই হোক না কেন, সেটির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা ভালো। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন পলান বলেন, ‘ছোটবেলা থেকেই খালটি দেখে আসছি। খালের পানি নানা কাজে ব্যবহার করত গ্রামবাসী।’সংশ্লিষ্টদের বক্তব্য: খালে মাটি ভরাটের কাজ করেছেন স্থানীয় সবুর মিয়া। তিনি বললেন, ‘আমি মাটির ব্যবসা করি, যে যেখানে মাটি ফেলতে বলবে, সেখানেই ফেলব। তবে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, ওটি একটি খাল। তারা কীভাবে ওটি ভরাট করেছে সেটা আমার জানা নেই।’জমি বিক্রেতা ও ব্যবসায়ী দুলাল উদ্দিন বলেন, ‘ওটি কোনো খাল বা নালা নয়। ব্যক্তিগত জমি বৈধভাবেই কিনেই ভরাট করেছি। এরপর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। তিনি জমি প্লট করে বিক্রি করবেন।’কথিত আবাসন ব্যবসায়ী ফিরোজ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর ইসলাম বলেন, ‘গত সোমবার জমিটি সরেজমিন পরিদর্শন করে দেখেছি, খালে সরকারি জমিও ভরাট করা হয়েছে। খালের জমি থেকে মাটি সরানোর নোটিশ দেওয়া হবে। সাত দিনের মধ্যে মাটি না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’