ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার বিকেলে সরকারি খাল ভরাটের দায়ে নোয়াব মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কসবা শহরের শাহপুর মহল্লার নোয়াব মিয়া খননযন্ত্র লাগিয়ে সরকারি খাল ভরাট করছিলেন। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে নোটিশ দিয়ে খাল ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া তিনি কেন খাল ভরাট করছেন ২৭ এপ্রিল সহকারী কমিশনারের কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে তা জানাতেও নির্দেশ দেওয়া হয়। নোয়াব মিয়া কোনো জবাব না দিয়ে গতকাল বিকেলে এ বিষয়ে খোঁজ নিতে ওই কার্যালয়ে আসেন। সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নোয়াব মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
সখীপুরে সংরক্ষিত বনাঞ্চল
আবার চালু অবৈধ ২৮ করাতকল
ইকবাল গফুর, সখীপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বনাঞ্চলে আবার চালু হয়েছে ২৮টি অবৈধ করাতকল। এসব করাতকলে দিন-রাত শাল-গজারি ও সামাজিক বনায়নের গাছ চেরানোর কাজ চলছে। অথচ দুই মাস আগে অভিযানের কারণে ওই সব করাতকল সাময়িকভাবে অন্যত্র সরিয়ে রাখা হয়।
পৌরসভায় স্থাপিত বৈধ করাতকল মালিক সমিতির নেতাদের অভিযোগ, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগসাজশে ও মাসোহারা দিয়েই ওই সব করাতকল চালানো হচ্ছে।
স্থানীয় বন কার্যালয় সূত্র ও এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বনাঞ্চলে স্থাপিত অবৈধ ৫৫টি করাতকল উচ্ছেদের লক্ষ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে যৌথ বাহিনী গত ১ ও ১৫ মার্চ অভিযান চালায়। ওই সময় হাতিয়া রেঞ্জে পাঁচটি ও বহেড়াতৈলী রেঞ্জে আটটিসহ ১৩টি করাতকল উচ্ছেদ ও ওই সব করাতকলের মালিকদের নামে মামলা করে বন বিভাগ। উচ্ছেদের ভয়ে বাকি করাতকলের মালিকেরা সাময়িকভাবে তাঁদের করাতকল সরিয়ে রাখেন। এ কারণে ওই সময় উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়।
বৈধ করাতকল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, কিছুদিন বন্ধ থেকে আবার বহেড়াতৈলী রেঞ্জের ডাবাইল গ্রামে দুটি, নাকশালা বাজার এলাকায় দুটি, দাড়িয়াপুর গ্রামে দুটি, গোহাইলবাড়ি গ্রামে দুটি, কাঁকড়াজান গ্রামে দুটি, তৈলধারা গ্রামে দুটি, গড়বাড়িতে দুটি, সাপিয়া চালায় দুটি ও বড়চওনায় দুটি করাতকল চলছে। হাতিয়া রেঞ্জের পাথারপুর এলাকায় একটি, হতেয়া গ্রামে চারটি, পূর্ব চতলবাইদে একটি ও চতলবাইদ ওয়াজেদ মার্কেটে একটি করাতকল চলছে। এ ছাড়া বাঁশতৈল রেঞ্জে হলদে চালা ও বংশীনগর এলাকায় তিনটি করাতকল স্থাপন করা হয়েছে।
সম্প্রতি বন বিভাগের বহেড়াতৈলী ও হাতিয়া রেঞ্জের কয়েকটি এলাকায় সরেজমিনে করাতকল সচল হওয়ার সচিত্র প্রমাণ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এসব অবৈধ করাতকলের একাধিক মালিক জানান, স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই করাতকলগুলো আবার চালু করা হয়েছে।
সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির সভাপতি জিন্নত আলী বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, বহেড়াতৈলী রেঞ্জের কর্মকর্তার যোগসাজশে সখীপুরের বনের করাতকল আবার চালু হয়েছে। অবৈধ করাতকলের জন্য লাইসেন্স করা করাতকলগুলো ভালোভাবে চলছে না।’
সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য রহিজ উদ্দিন বলেন, যে হারে বনের পাশে করাতকল বাড়ছে ও গাছ কাটা চলছে, এভাবে চলতে থাকলে এই অঞ্চল থেকে শাল-গজারিগাছ বিলীন হয়ে যাবে। ধীরে ধীরে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
এ ব্যাপারে সখীপুর বন বিভাগের বহেড়াতৈলী রেঞ্জ কর্মকর্তা শামসুল ইসলাম চৌধুরী বলেন, ‘কিছু করাতকল আবার সচল হয়েছে। তবে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। পুনরায় সচল হওয়া করাতকলের তালিকা বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কার্যালয়ে পাঠানো হয়েছে।’
টাঙ্গাইলের ডিএফও মাসুদ রানা বলেন, শিগগিরই অভিযান চালানো হবে। পুনরায় করাতকল চালু করার পেছনে বন বিভাগের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা বনায়ন কমিটির সভাপতি শাজাহান আলী জানান, পুনরায় সচল হওয়া এসব অবৈধ করাতকল বন্ধে আবার অভিযান চালানো হবে।
ঈশ্বরগঞ্জে কৃষককে হত্যার অভিযোগ কুলাউড়ায় দুই বোনের লাশ উদ্ধার
জুড়ী (মৌলভীবাজার) ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুর থেকে গত মঙ্গলবার আরিজা (১৮) ও ছকিনা (১৬) নামের দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা গৃহকর্মীর কাজ করতেন। এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কর্মা গ্রাম থেকে গতকাল বুধবার মো. হাসিম উদ্দিন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ওই দুই বোনের পরিবার ও কুলাউড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আরিজা ও ছকিনা কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের আদাখানি গ্রামের মৃত আছদ্দর মিয়ার মেয়ে। আরিজা কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমানপ্রবাসী জয়নাল মিয়া এবং ছকিনা পাশের রাউতগাঁও ইউনিয়নে জয়নালের মেয়ের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ছকিনা গত সোমবার জয়নালের মেয়ের সঙ্গে তাঁর (জয়নাল) বাড়িতে আসে। মঙ্গলবার বেলা দুইটার দিকে আরিজা ও ছকিনা একসঙ্গে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যান। পরে আর তাঁরা ফেরেননি। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তঁদের সন্ধান মেলেনি। ওই দিন রাত আটটার দিকে পুকুরে দুই বোনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ মিয়া জানান, ওই দুই বোন সাঁতার জানতেন না বলে জানান জয়নালের পরিবারের লোকজন।
কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জের কর্মা গ্রামের হাসিমের মেয়ে সেলিনা জানান, মঙ্গলবার রাতে তাঁর মা তহুরা খাতুন প্রকৃতির ডাকে বের হন। এ সময় হাসিমের শোয়ার ঘরের দরজা খোলা দেখতে পান তহুরা। ঘরে ঢুকে তখন হাসিমকে পাননি তহুরা। পরে বাড়ির সামনের একটি গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় হাসিমের লাশ দেখতে পান তিনি।
তবে সেলিনার অভিযোগ, বাবার মৃত্যুর ঘটনার সঙ্গে তাঁর চাচাতো ভাই বাদল মিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। কারণ বাদল সম্প্রতি তাঁদের বসতঘরের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছিলেন। বাড়ির চিহ্নিত সীমানায় জোর করে খুঁটি দেওয়ায় বাধা দিলে তাঁর বাবার সঙ্গে বাদলের ঝগড়া হয়। এ ঘটনার পর তাঁর বাবাকে হুমকি-ধমকি দেন বাদল। এরপর গতকাল সকালে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর বাদল পালিয়ে যাওয়ায় সেলিনার সন্দেহ আরও বেড়েছে।
এ ব্যাপারে বাদলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল আলম বলেন, সেলিনা তাঁর বাবার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে থানায় অভিযোগ দিয়েছেন। হাসিমের মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টিভি দেখে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনা সংবাদদাতা
টিভি দেখে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক স্কুলছাত্রী মারা গেছে। তার নাম সুদীপ্তা দাস (১৩)। সে পূর্বধলার আরবান একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটেছে।
সুদীপ্তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়াইর গ্রামে। তার বাবা সুরেশ দাস ও মা দীপালি রানী দাস বেসরকারি সংস্থা ব্র্যাকের পূর্বধলা শাখায় চাকরি করেন। তাঁরা পূর্বধলার নয়াপাড়া এলাকার রামেন্দ্র পালের বাসায়ভাড়া থাকেন।
সুদীপ্তার পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াপাড়া এলাকার ওই বাসায় সুদীপ্তা দাস ও তার ছোট বোন সেঁজুতি দাস (৭) একটি টিভি চ্যানেলের দৃশ্য অনুকরণ করে গলায় ওড়না লাগিয়ে ফাঁসি ফাঁসি খেলছিল। এ সময় তাদের মা-বাবা বাসায় ছিলেন না। একসময় ছোট বোনের কান্না শুনে পাশের বাসিন্দারা এসে ঘরের আড়ায় ফাঁস দেওয়া সুদীপ্তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর সেঁজুতি দাস প্রায় ছয় ঘণ্টা অচেতন ছিল।
সুদীপ্তা দাসের মা দীপালি রানী দাস বলেন, ‘আমার মেয়ে দুইটা সব সময় বাসায় ভূত ও ফাঁসির অনুষ্ঠান দেখত এবং তা খেলত। আমি প্রায়ই তাদের বারণ করতাম। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে যখন ফোন করি তখন ছোট মেয়েটা ফোন ধরে বলেছিল দিদি কোচিংয়ে যায়নি। আমরা খেলছি।’ এরপর পাশের বাসার একজন আমাকে ফোনে এ ঘটনা জানান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সরিষাবাড়ীতে বৃদ্ধা বিশ্বনাথে ছাত্রী খুন
বিশ্বনাথ (সিলেট) ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত মঙ্গলবার রিনা বেগম (১৫) নামের এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ীতে ছেলের হাতে মা আমেনা বেগম (৮০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, রিনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের আবদুল করিমের মেয়ে ও স্থানীয় রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে পাশের বাড়ির মঈন উদ্দিন তাঁর ভাতিজি ইমাকে (৭) দিয়ে রিনাকে তাঁর (মঈন) বাড়িতে ডেকে আনেন। পরিবারের অভিযোগ, মঈন তাঁর শোবার ঘরে রিনাকে হত্যা করেন। মঈনের (২৮) পরিবার ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। খবর পেয়ে রিনার পরিবারের সদস্যরা গিয়ে রিনার লাশ মঈনের শোবার কক্ষের মেঝেতে বিছানার চাদর দিয়ে ঢাকা দেখতে পান।
রিনার ভাই লিলু মিয়া বলেন, ‘তিন মাস আগে দুবাই থেকে দেশে আসেন মঈন। দেশে এসে মঈন আমাদের ঘরে থাকা মুঠোফোনে তাঁর (মঈন) নম্বর থেকে ফোন করে হয়রানি করতেন। একাধিকবার তাঁকে সতর্ক করলেও মঈন কথা শুনেননি। সপ্তাহ খানেক আগে মঈন আমাকে হত্যার হুমকি দেন।’
রিনার বাবা করিম বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। হত্যাকারীদের নাম দিতে চাইলেও পুলিশ নামগুলো তালিকাভুক্ত করেনি। শুধু একটি কাগজে স্বাক্ষর নিয়েছে।’
ঘটনাটি জানতে মঈনের বাড়িতে গিয়ে তাঁর মা বিবিজান বেগম ছাড়া কাউকে পাওয়া যায়নি। বিবিজান বলেন, মঈনের খোঁজ করতে গিয়ে দেখেন রিনা আত্মহত্যা করেছে। এরপর তিনি রিনার পরিবারকে খবর দেন। তবে মুঠোফোনে মঈন বলেন, ‘ঘটনার সময় আমি বাজারে ছিলাম। রিনা আমাদের বাড়িতে এসে কী কারণে আত্মহত্যা করেছে, আমি জানি না।’
রিনার প্রতিবেশী রাজিয়া বেগম জানান, ইমা এসে রিনাকে মঈনদের বাড়িতে যাওয়ার কথা বলে। রিনা মঈনদের বাড়িয়ে যায়। তিনি (রাজিয়া) এ সময় পুকুর পাড়ে ছিলেন।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মঈনদের বাড়ি থেকে রিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সরিষাবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর পোগলদিঘা গ্রামের মৃত নয়ন মণ্ডলের পাঁচ ছেলে আমজাদ হোসেন, আজমত আলী, আবদুল আজিজ, আজাহার আলী ও আলতাফ হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে আলতাফের ২৫ শতক জমি ভাতিজা সেজনু ও আল আমীন দখল করে ধান রোপণ করেন। ওই ধান মঙ্গলবার আলতাফ কাটতে গেলে তাঁরা তাঁকে মারধর করেন। আলতাফকে পেটানোর খবর পেয়ে মা আমেনা এগিয়ে গেলে তাঁকে আমজাদ ও আজিজ মারধর করেন। পরে আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টায় তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।
নেতার মুক্তির দাবিতে ৭০টি চা–বাগানে কর্মবিরতি
মৌলভীবাজার প্রতিনিধি
চা-শিল্পাঞ্চলের বালিশিরা ভ্যালিসহ (কয়েকটি চা-বাগান নিয়ে একটি ভ্যালি) ৭০টি চা-বাগানে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকেরা। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরার নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বালিশিরা ভ্যালি কমিটি এই কর্মবিরতির ডাক দেয়।
চা-শ্রমিক ইউনিয়ন, চা-বাগান পঞ্চায়েত এবং বালিশিরা ভ্যালি সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার একটি মামলায় গত মঙ্গলবার বিজয় হাজরার জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে জেল হাজতে পাঠান। তাঁর নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বালিশিরা ভ্যালির পক্ষ থেকে ভ্যালির অন্তর্ভুক্ত মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জ উপজেলার ৬৪টি চা-বাগানে একই সঙ্গে তিন ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়। এতে ভ্যালির অন্তর্ভুক্ত বাগান ছাড়াও অন্য ভ্যালির আরও ছয়টি বাগানে ধর্মঘট হয়েছে। এই ৭০টি চা-বাগানে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। এ সময় শ্রমিকেরা চা-বাগানের বিভিন্ন স্থানে অবস্থান নেন। সবকটি বাগানে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয়েছে।
বালিশিরা ভ্যালি কমিটির সাধারণ সম্পাদক দেবেন্দ্র বাড়াইক বলেন, ‘ভ্যালির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে দাবি জানিয়েছি। এ জন্য তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। মামলা প্রত্যাহার করা না হলে পরে ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে অনির্দিষ্টকালের কর্মসূচি দেওয়া হতে পারে। তবে এখন আইনগতভাবেই আমরা অগ্রসর হব।’
মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানের ব্যবস্থাপক লিটন বাহাউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের সময় শ্রমিকেরা কাজে যাননি। ধর্মঘট শেষে সবাই কাজে যোগ দিয়েছেন।’
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ‘বিজয় হাজরার নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শুধু বালিশিরা ভ্যালিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অন্য ভ্যালির আরও পাঁচ-ছয়টি বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন।’
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছিল। বিজয় হাজরা সেই মামলার আসামি।’
সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর গ্রামের বাবুল সিকদার ও ইউপি সদস্য আবদুল হকের (৫০) পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাহজাদাপুর গ্রামের আবদুল হক ও বাবুল সিকদারের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ মঙ্গলবার বিকেলে আবদুল হকের পক্ষের জালাল মিয়ার জমির পুঁইশাক বাবুল সিকদারের পক্ষের সিরাজ আলীর গরু খেয়ে ফেলে। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রবিউল সিকদারকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া বাবুল সিকদার, কামরুজ্জামান, তানিয়া বেগম, রব জামান ও রুবেল মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন বাবুল সিকদারের বসতবাড়িটি ভাঙচুর করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের বহিষ্কৃত নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি (সদ্য বহিষ্কৃত) ও লোকপ্রশাসনের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস হোসেন ওরফে সবুজের মুক্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন হয়।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা প্রেসক্লাবের সামনে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অবিলম্বে ইলিয়াসকে মুক্তির দাবি জানানো হয়, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশ নেন ইলিয়াস মুক্তি পরিষদের আহ্বায়ক ফখরুল পারভেজ, সদস্যসচিব মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ জুয়েল, রিফাত রহমান, শেখ আজহার, মানিক দাস, জহিরুল ইসলাম প্রমুখ।
এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস হতে দেননি ইলিয়াসের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তাঁরা ক্লাস করতে যাওয়া কয়েকজন শিক্ষার্থীকে বাসে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিকেলে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে।
জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, গতকাল সকালে প্রথম বর্ষের কিছু ছেলের সঙ্গে বাসে ঝামেলা হয়েছে। পরে তা মীমাংসা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বাস ও ক্লাস যথারীতি চলবে।
গত ২৪ এপ্রিল দুপুরে র্যাবের সদস্যরা কোটবাড়ীর শালবন জাদুঘর এলাকার একটি পিকনিক স্পট থেকে ইলিয়াসকে আটক করেন। এরপর অস্ত্রসহ তাঁকে থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ। এরপর ৩০ এপ্রিল ছাত্রলীগ সংবাদ সম্মেলন ডেকে গত সোমবার থেকে ক্লাস ধর্মঘটের আওতামুক্ত বলে ঘোষণা দেয়।
কিন্তু গত রোববার রাতে ইলিয়াস হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হতে দেননি। গতকালও সকালের দিকে ক্লাস হয়নি। আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
হাসপাতাল থেকে তিন প্রতারক গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে গতকাল বুধবার তিন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে একটি প্রতারক চক্র রোগী ভর্তি করানো ও ওষুধ পাইয়ে দেওয়ার শর্তে রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এ অভিযোগের ভিত্তিতে র্যাব গতকালদুপুরে ওই হাসপাতালে অভিযান চালায়।
এ সময় সদর উপজেলার পাথালিয়া গ্রামের মো. মনিরুজ্জামান (৩০), একই গ্রামের মো. শরীফ (২৬) ও রামনগর গ্রামেরমো. রকিবুল হাসানকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
রায়পুরের ২৬ ব্যাংকে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরকারি-বেসরকারি ২৬টি ব্যাংকে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ চিঠি দেন। তিনি সাত দিনের মধ্যে সিসি ক্যামেরা ব্যাংকে স্থাপন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
পুলিশ জানায়, সম্প্রতি সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি সংঘটিত হয়। ব্যাংকের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা জরুরি। রায়পুরে সরকারি-বেসরকারি ব্যাংকের ২৬টি শাখা আছে। ব্যাংকগুলোর অধিকাংশ শাখায় সিসি ক্যামেরা নেই।
সোনালী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক শেখ মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমাদের শাখায় সিসি ক্যামেরা নেই। পুলিশের দেওয়া চিঠি পেয়েছি। সিসি ক্যামেরা স্থাপন করতে কর্তৃপক্ষকে অবহিত করব।’
রায়পুর থানার ওসি আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে তদন্তের জন্য সিসি ক্যামেরার ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে।
সংক্ষেপ
মানববন্ধন
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে নারীর ওপর যৌন নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহেনা সিদ্দিকী, নারীনেত্রী তাহেজা বেগম, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস, যুব মহিলা লীগ ও মহিলা পরিষদ নেত্রী সৈয়দা বিউটি, সংস্কৃতিকর্মী নাইম সুলতানা প্রমুখ। নেত্রকোনা সংবাদদাতা|
ব্যাটারি উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় একটি মুঠোফোন কোম্পানির টাওয়ারের ১৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল আটটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানের নীলকণ্ঠ সেতুর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন ব্যাটারি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারিগুলো উদ্ধার করে নিয়ে আসে। শ্রীমঙ্গল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবীর ব্যাটারি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাটারির জন্য কেউ এ পর্যন্ত খোঁজ করেনি। ব্যাটারিতে গ্রামীণফোনের সিল রয়েছে।’ মৌলভীবাজার প্রতিনিধি|
খাল ভরাটের দায়ে দণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার বিকেলে সরকারি খাল ভরাটের দায়ে নোয়াব মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কসবা শহরের শাহপুর মহল্লার নোয়াব মিয়া খননযন্ত্র লাগিয়ে সরকারি খাল ভরাট করছিলেন। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে নোটিশ দিয়ে খাল ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া তিনি কেন খাল ভরাট করছেন ২৭ এপ্রিল সহকারী কমিশনারের কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে তা জানাতেও নির্দেশ দেওয়া হয়। নোয়াব মিয়া কোনো জবাব না দিয়ে গতকাল বিকেলে এ বিষয়ে খোঁজ নিতে ওই কার্যালয়ে আসেন। সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নোয়াব মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|