খাল ভরাটের পর নর্দমা এখন হচ্ছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে থেমে নেই খাল ভরাটের কাজ। উন্নয়নের নামে বরিশাল সিটি করপোরেশনই খালের ওপর সড়ক নির্মাণ করছে। এভাবে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করায় নগরে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।বরিশাল সিটি করপোরেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে কীর্তনখোলা নদী থেকে নগরে প্রবাহিত ভাটার খালের সদর রোড পর্যন্ত নর্দমা নির্মাণ করা হয়। তখন খালের দুই পাশ ভরাট করে এটি নির্মাণ করা হয়। এখন সেই নর্দমার ওপর প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে।নগরের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিটি করপোরেশন ভাটার খালের নর্দমার ওপর কাঠ ও বাঁশ দিয়ে চালা তৈরি করে সড়ক নির্মাণ করছে। ওই বাঁশ ও কাঠ না তুললে নর্দমাটি বন্ধ হয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে। কিন্তু সিটি করপোরেশন দাবি করেছে, এই নর্দমা আটকে সড়ক নির্মাণ করলে কোনো সমস্যার সৃষ্টি হবে না।পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সিটি করপোরেশনের খাল ভরাট করে নর্দমা নির্মাণের কাজই সঠিক হয়নি। এখন নর্দমার ওপর কাঠ ও বাঁশের চালা তৈরি করে ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হওয়ার পর কাঠ ও বাঁশ না সরালে নর্দমায় ময়লা-আবর্জনা জমে থেকে পানি সরতে পারবে না। তাই বাঁশ ও কাঠের চালা সরানোর জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হবে।জানা গেছে, এক বছর আগে ৩০-৩৫ ফুট চওড়া ভাটার খাল ভরাট করে নর্দমা নির্মাণ করে সিটি করপোরেশন। এখন সেই নর্দমার ওপর ঢালাই দিয়ে চলছে সড়ক নির্মাণের কাজ। সরেজমিনে দেখা গেছে, নির্মাণশ্রমিকেরা কাঠ ও বাঁশ দিয়ে চালা তৈরি করে ঢেকে দিচ্ছেন খালের ওই অংশ।নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, নর্দমার ওই অংশের ওপর ঢাকনা না থাকলে ভাটার খালে জমে থাকা ময়লা-আবর্জনা সহজেই পরিষ্কার করা সম্ভব হতো। কীর্তনখোলার পানিও খালে ঢুকত। এখন পুরো অংশ ঢেকে দেওয়ায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে না। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানিও এ খাল দিয়ে সরবে না।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল পৌরসভাকে ২০০০ সালে সিটি করপোরেশনে রূপান্তর করা হয়। এর পর থেকেই এর সৌন্দর্য বর্ধন ও পরিধি বাড়ানোর নামে খাল, পুকুর ও জলাশয় ভরাটের কাজ শুরু হয়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল শাখার সভাপতি আক্কাস হোসেন জানান, একসময় বরিশাল শহরে অর্ধশতাধিক খাল ছিল। অপরিকল্পিত নগরায়ণ ও যত্রতত্র ভবন নির্মাণ করায় খালগুলো হারিয়ে গেছে। এখনো খাল ভরাট করা হচ্ছে। বরিশাল সিটি করপোরেশনই এ কাজ করছে।বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার বলেন, সদর রোড থেকে বান্দ রোড পর্যন্ত সড়ক কাম নর্দমা নির্মাণ করা হবে। ভাটার খালের ওই নর্দমা অন্যান্য নর্দমার চেয়ে অনেক চওড়া। নর্দমাসহ ৩০ ফুট চওড়া সড়ক নির্মাণ করা হচ্ছে। তিনি দাবি করেন, নর্দমার ওপর সড়ক নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হবে না। ময়লা পরিষ্কার করার জন্য প্রতি ২০ ফুট পর পর একটি পকেট (স্থান) রাখা হবে।