খাল রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশালে খাল রক্ষায় মানববন্ধন করেছেন প্রান্তিক কৃষক ও জেলেরা। সদর উপজেলার লাকুটিয়া রায়ের খাল সংস্কার, সংরক্ষণ ও পানিপ্রবাহ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় লাকুটিয়া এলাকায় রায়ের খালের পাড়ে হাতে হাত ধরে খাল রক্ষার দাবি তোলেন প্রান্তিক কৃষক ও জেলেরা। বেসরকারি সংস্থা প্রান্তজন ট্রাস্টের আয়োজনে কর্মসূচিতে সাধারণ নাগরিকেরাও অংশ নেন। এস এম শাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, লাকুটিয়া রায়ের খালটি দখলমুক্ত ও খনন করে অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এই খালে পানিপ্রবাহ না থাকায় ১০ কিলোমিটার এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। কৃষকেরা চাষাবাদে পানি পাচ্ছেন না। খাল খনন করে পানিপ্রবাহ সৃষ্টি করলে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া স্থানীয় পরিবেশ-প্রতিবেশ রক্ষা পাবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদুল ইসলাম হাওলাদার, এনায়েত হোসেন, রফিকুল ইসলাম, জামাল হোসেন, কামাল হোসেন তালুকদার, বারেক হাওলাদার, সোহরাব হোসেন, বাদশা হাওলাদার প্রমুখ।