খাল রক্ষার দাবিতে বরিশালের মেয়রের কাছে দাবিনামা
খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে তা সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন কৃষক ও সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সিটি মেয়রের বাসভবনে বরিশাল ও বাবুগঞ্জ এলাকার কৃষকেরা মেয়র শওকত হোসেনের কাছে দাবিনামা পেশ করেন।বরিশাল নগরের জেলখানার পাশঘেঁষে উত্তরে লাকুটিয়া হয়ে বাবুগঞ্জ উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত লাকুটিয়া রায়ের খাল। এটি রক্ষার দাবিনামায় উল্লেখ করা হয়, লাকুটিয়া রায়ের খালের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় দুই হাজার ৭০০ কৃষক। এটি অবৈধ দখল ও সংকুচিত হওয়ায় পানিপ্রবাহ কমে যাচ্ছে। এ কারণে সেচসংকটে পড়েছেন কৃষকেরা।আরও উল্লেখ করা হয়, বরিশালের জেল খাল, লাকুটিয়া রায়ের খালসহ অন্যান্য খাল দখলমুক্ত ও খনন করে পানিপ্রবাহ নিশ্চিত করলে এ অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।জরিপ করে দখলদার উচ্ছেদের পর খালের পাড়ে বৃক্ষ রোপণ ও হাঁটার পথ নির্মাণ করতে হবে। খাল খনন করে এবং কীর্তনখোলার সংযোজনস্থলে পানিপ্রবাহ ফিরিয়ে এনে তা নৌ চলাচল ও কৃষিকাজে ব্যবহারের উপযোগী করতে হবে।মেয়র শওকত হোসেন বলেন, নগরের সব খালে পানিপ্রবাহ ফিরিয়ে আনতে উদ্যাগ নেওয়া হবে। একই সঙ্গে এগুলো দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। এ সময় উপস্থিত ছিলেন খলিল কাজী, মো. ইসমাইল হাওলাদার, আবদুল মান্নান হাওলাদার, মো. সফিউদ্দিন হাওলাদার, মো. শাহে আলম, ইউসুফ হাওলাদার, আ. বারেক হাওলাদার, মো. সুলতান আহম্মেদ, মো. গোলাম মাওলা, মো. সাহেব আলী, মো. তুহিন শরীফ, মো. বাবুল, এস এম শাহাজাদা, মুজিবুর রহমান খান প্রমুখ।