খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
দেশের সব খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি নির্দেশনা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন।দেশের খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সাত দিনের মধ্যে নির্দেশনা জারি করতে বিবাদীদের বলা হয়েছে। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল রিট আবেদনটি দাখিল ও শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। রুলে দেশের সব খাল আরএস বা বিএস রেকর্ড অনুসারে রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব, পরিবেশসচিব, পানিসম্পদ সচিব, ভূমিসচিব, অর্থসচিব ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে জলাশয় ভরাট সম্পূর্ণ অবৈধ।