খাল রক্ষায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মকসুদ
আবুল মকসুদ

‘আমি শুনেছি খালগুলো ছিল বরিশাল নগরের ধমনির মতো। নগরের শ্বাস-প্রশ্বাস সুন্দরভাবে চলত এই খালের মাধ্যমে। অযত্ন-অবহেলায় খালগুলো বন্ধ হয়ে গেছে। নগর কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের অবহেলায় মারা গেছে এসব খাল। সেই সঙ্গে প্রভাবশালীদের দখল-সংস্কৃতিও বন্ধ হচ্ছে না। খাল রক্ষা করা আমাদের দায়িত্ব।’
বরিশাল নগরের জেল খাল ও লাকুটিয়া খালের দখল-দূষণ দেখে ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলেছেন বিশিষ্ট কলাম লেখক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ। গতকাল সোমবার দুপুরে নগরের জেল খালের মরকখোলা সেতু এলাকা, জেলেবাড়ি এলাকা ও লাকুটিয়া খাল পরিদর্শন করেন তিনি।
সৈয়দ আবুল মকসুদ বলেন, প্রাকৃতিক খাল জনস্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ, নগর ও দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে খাল রক্ষা করতে হবে। খাল পুনরুদ্ধার, সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে নগরের অন্যান্য উন্নয়নও সফল হবে না। জরুরি ভিত্তিতে অন্য প্রকল্পের কাজ বন্ধ রেখে খাল পুনরুদ্ধারে উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ‘খাল দখলমুক্ত করতে হলে সরকারকে কিছুটা নির্মম হতে হবে। প্রভাবশালীদের প্রতিহত করা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে খুবই কঠিন কাজ। তার পরও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই কাজ করতে হবে।’ এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, সাবেক সাংসদ মনিরুল ইসলাম, বরিশাল নগর সৌন্দর্য ও নদী খাল রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন।