খাল রক্ষায় নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দূষণ ও দখলমুক্ত রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ এবং প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গতকাল শৌখিন ডিঙি নৌকাবাইচ–২০১৬ অনুষ্ঠিত হয়। ছবিটি বিকেলের দিকে তোলা l প্রথম আলো
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দূষণ ও দখলমুক্ত রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ এবং প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গতকাল শৌখিন ডিঙি নৌকাবাইচ–২০১৬ অনুষ্ঠিত হয়। ছবিটি বিকেলের দিকে তোলা l প্রথম আলো

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দখল ও দূষণরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জমজমাট নৌকাবাইচ হলো গতকাল। বিকেলে জেলা প্রশাসন ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার সহযোগিতায় এ শৌখিন নৌকাবাইচের আয়োজন করা হয়।
নৌকাবাইচ দেখতে খালের দুই পারে ৫০ থেকে ৬০ হাজার মানুষের সমাগম ঘটে। সৃষ্টি হয় উৎসবমুখর আনন্দঘন পরিবেশ।
নৌকাবাইচটি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয় মাঠ এলাকার সামনের সেতু থেকে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব আগানগর গুদারাঘাট এলাকার বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে গিয়ে শেষ হয়। বাইচে অর্ধশতাধিক ডিঙি নৌকা অংশ নেয়।
নৌকাবাইচের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। তিনি বলেন, ‘কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল রক্ষায় খালের দুই পারের মানুষকে সচেতন হতে হবে। সকলের আন্তরিকতা ও সহযোগিতা থাকলে খালটি রক্ষা হবে। তা না হলে খালটি হারিয়ে যাবে। এতে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব।’ তিনি আরও বলেন, খালটি দূষণকবলিত হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ছে। এখনো খালের দুই পারে ৫২টি অবৈধ স্থাপনা রয়েছে। সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা দরকার। কোনো অবস্থাতেই খাল দখল ও দূষণ করতে দেওয়া হবে না।
শুভাঢ্যা খালে নৌকাবাইচ দেখতে আসা উপজেলার কালীগঞ্জ এলাকার বাসিন্দা ফরাশউদ্দিন বলেন, ‘অনেক দিন পর আমরা শুভাঢ্যা খালে নৌকাবাইচ দেখতে পেলাম। খালটি শুষ্ক মৌসুমে ভরাট হয়ে যাওয়ায় এখানে পানি কম থাকে। ফলে নৌকা চলাচল করতে পারে না। তা ছাড়া খালটি দখল ও দূষণের কারণে হারিয়ে যাচ্ছে। সরকার আন্তরিক থাকলে খালটি অবশ্যই রক্ষা হবে।
বিকেল চারটায় পূর্ব আগানগর গুদারাঘাট আলম মার্কেটের সামনে নৌকাবাইচে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জ্ঞানরঞ্জন শীল, বিশেষ অতিথি ট্রাস্টের উপপরিচালক আবে আবদুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মতিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, তেঘড়িয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি আবদুল আজিজ, আগানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেলিম মাঝির দল, দ্বিতীয় বিল্লাল মাঝির দল ও তৃতীয় হয়েছে রিপন মাঝির দল। প্রথম দলকে ২৪ ইঞ্চি রঙিন টিভি, দ্বিতীয় দলকে ২১ ইঞ্চি রঙিন টিভি ও তৃতীয় দলকে ১৭ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার দেওয়া হয়।