
মানিকগঞ্জ সদরের খালপাড় এলাকাকে ভাষাশহীদ রফিক চত্বর ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলপনা উৎসবে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস এ ঘোষণা দেন।
সোমবার রাত আটটার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে আলপনা উৎসবের আয়োজন করে উদীচী জেলা সংসদ। এ সড়ক রাঙাতে আলপনার কাজে অংশ নেন প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যরা।
সরেজমিনে জানা গেছে, ভাষা আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরের আগে আলপনা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন। জেলা শহরের খালপাড় (জেলা প্রশাসকের বাসভবনের সামনে) এলাকায় আলপনা উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উদীচীর জেলা সংসদের সহসভাপতি কাজী শিউলী আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন রাশিদা ফেরদৌস, গোলাম মহীউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম, সাংস্কৃতিক আন্দোলনের নেতা দীপক কুমার ঘোষ, গণজাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আজহারুল ইসলাম বলেন, ‘প্রথম ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ আমাদের মানিকগঞ্জের সন্তান। সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র হলেও ভাষা আন্দোলনের ৬৫ বছরে তাঁর নামে কোনো ছাত্রাবাসের নামকরণ করা হয়নি। এমনকি কোনো ম্যুরালও নেই কলেজে।’ জেলা প্রশাসক বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে খালপাড় পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হয়েছে। এরপর খালপাড় থেকে শহরের বেউথা পর্যন্ত চার লেনের বাকি অংশের কাজও করা হবে। খালপাড় চার রাস্তার মোড়ে ভাষাশহীদ রফিকের ভাস্কর্য নির্মাণে তিনি পদক্ষেপ নেবেন।