খালপাড়ের পরিবর্তে কৃষি জমিতে বেড়িবাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহর রক্ষার জন্য নয়াকান্দি খাল থেকে ১০০-১৫০ গজ দূরে কৃষিজমির ওপর বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। এর প্রতিবাদে গতকাল সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী। জমির মালিকদের অভিযোগ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী খালসংলগ্ন তাঁর কিছু কৃষিজমি ও আমবাগান রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে কৃষিজমির ওপর দিয়ে বাঁধটি নির্মাণ করাচ্ছেন। এতে মেয়রের ক্ষতি না হলেও এলাকাবাসী ক্ষতির মুখে পড়েছেন। মানিকগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে জানা যায়, সদর উপজেলার তরা এলাকা থেকে দেড়গ্রাম পর্যন্ত শহররক্ষা বাঁধ নির্মাণের জন্য পাউবো একটি প্রকল্প হাতে নেয়। ২০০৭-০৮ অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু হয়। দুই বছর আগে তরা এলাকা থেকে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা পর্যন্ত কাজ শেষ হয়।পৌর এলাকার বড় শৌরুন্ডি এলাকা থেকে সম্প্রতি আবার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। এ জন্য এলাকাবাসীর কাছ থেকে বড় শৌরুন্ডি মৌজার ৫ দশমিক ২ একর জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। কিন্তু জমির মালিকেরা এখন পর্যন্ত অধিগ্রহণের টাকা নেননি।সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধটি খালসংলগ্ন স্থানে নির্মাণ করা হলেও রমজান আলীর জমির কাছাকাছি এসে বাঁধটি একটু ভেতরে ঢুকে কৃষিজমির ওপর নির্মাণ করা হচ্ছে। দুটি ভেকু দিয়ে কৃষিজমির ওপর মাটি ফেলে উঁচু করা হচ্ছে। বাঁধ নির্মাণের জন্য দুটি বাড়িও ভেঙে ফেলা হয়েছে।জমির মালিক শরীফ আলী, নেহাজ উদ্দিন, হারুনুর রশিদ ও তাহের আলীসহ বেশ কয়েকজন জানান, তাঁরাও চান বাঁধটি নির্মাণ করা হোক। কিন্তু বাঁধটি খালের পাড় ঘেঁষে নির্মিত না হয়ে একটু ভেতরে ঢুকে তাঁদের কৃষিজমি ও বসতবাড়ির ওপর নির্মিত হচ্ছে। এতে ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে তাঁরা নিঃস্ব হয়ে যাবেন।অন্যদিকে এভাবে বাঁধ নির্মাণের ফলে বেশ কটি বসতবাড়িও বাঁধের বাইরে চলে যাবে। এতে তাঁরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।জমির মালিকেরা জানান, জমি ও বসতবাড়ি রক্ষায় ইতিমধ্যে তাঁরা সদর উপজেলা সহকারী জজ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় জেলা প্রশাসক, মানিকগঞ্জ পৌরসভার মেয়র, পাউবোর নির্বাহী প্রকৌশলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিবাদী করা হয়েছে।এ ব্যাপারে বক্তব্য জানতে মেয়রের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। নকশা পরিবর্তন করে বাঁধ নির্মাণের অভিযোগ অস্বীকার করে মানিকগঞ্জ পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখা কর্মকর্তা গোলাম ফারোয়ার বলেন, পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে খাল থেকে নির্ধারিত দূরত্ব ঠিক রেখে নির্ধারিত স্থানেই বাঁধ নির্মাণ করা হচ্ছে।