খালবিষয়ক প্রতিবেদন ওয়াসার ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
৭ জানুয়ারি প্রথম আলোয় ‘দুই কোটি টাকায় খাল উদ্ধার ও খননের পর আগেরই দশা’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছে ঢাকা ওয়াসা। ব্যাখ্যাপত্রে বলা হয়, প্রতিবেদনে কল্যাণপুর ‘ক’ খালের উচ্ছেদে ৯৫ লাখ টাকা খরচ করা হয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে উচ্ছেদ এবং সীমানা-খুঁটি স্থাপনে খরচ হয়েছে চার লাখ ৯২ হাজার টাকা। কল্যাণপুরের মোট পাঁচটি খাল দখলমুক্ত করতে খরচ হয় ৯৫ লাখ টাকা। ব্যাখ্যায় বলা হয়, নন্দারবাগে গত দুই বছরে কোনো উচ্ছেদ বা খাল কাটা হয়নি। তবে গৈদারটেক এলাকায় ৮০ লাখ টাকা ব্যয়ে ১৬ গ্রুপে মোট ৪৮০ মিটার খনন করা হয়েছে। ‘গণক্রয় আইন ভঙ্গের’ বিষয়টি উল্লেখ করে ব্যাখ্যায় বলা হয়, কোনো কোনো ঠিকাদার ৫ শতাংশ বেশি দর দেওয়ায় দরপত্রের মূল্য প্রাক্কলিত মূল্য অতিক্রম করে, যা পরে ব্যবস্থাপনা পরিচালক অনুমোদন করেন। বিলের মোট পরিশোধিত মূল্য দাঁড়ায় ৮০ লাখ ৩ টাকা, প্রতিবেদনে প্রকাশিত ৮৩ লাখ ৪৯২ টাকা নয়।ব্যাখ্যায় স্বীকার করা হয়, ‘অসতর্কতা হেতু’ ৫ শতাংশ বেশি দরপত্র মূল্যমান যথাসময়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে অনুমোদন না নেওয়ায় তিনি তৎকালীন নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিনকে কৈফিয়ত তলবের নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়ে বিভাগীয় মামলা চলছে।প্রতিবেদকের বক্তব্য: ‘ক’ খাল উচ্ছেদের পর ওয়াসার ড্রেনেজ বিভাগ ৯৫ লাখ টাকা খরচের হিসাব দিয়েছিল। প্রতিবেদনে ‘ক’ খালের বিষয়ে শুধু নন্দারটেক অংশের কথা বলা হয়নি; বসুপাড়া মৌজা থেকে প্রধান খাল পর্যন্ত প্রবাহিত অংশের কথা বলা হয়েছে। গত দুই বছরে অভিযান হয়নি—কথাটি ঠিক নয়। ২০১১ সালের শুরুতে উচ্ছেদ অভিযান চলার ছবি প্রথম আলোয় ছাপা হয়েছে। গণক্রয় আইন ভঙ্গ করা হয়েছে বলেই ব্যবস্থাপনা পরিচালক প্রকল্প পরিচালকের কাছে কৈফিয়ত চান। তাতে সরাসরি আর্থিক শৃঙ্খলা ভঙ্গের কথাও বলা হয়েছে।