খালা-খালুর হাতে শিশু খুন লাশ বারান্দায় মাটিচাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামে আপন খালা-খালু চার বছরের শিশু মিমকে হত্যা করে লাশ ঘরের বারান্দায় মাটিচাপা দিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু মিমের বাবা নিজাম উদ্দীন বেপারি গত মঙ্গলবার সকালে বরগুনা সদর থানায় হত্যা মামলা করলে পুলিশ বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে। এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিশুর খালা মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে খালু শাহাবুদ্দিন পালিয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের শান্তি বেগমের সঙ্গে শরিয়তপুর জেলার মাওনপুর গ্রামের নিজাম উদ্দীন বেপারির বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের একটি মেয়েসন্তান জন্ম হয়। শান্তি বেগম ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় ও নিজাম উদ্দীন একটি আসবাবপত্র তৈরির দোকানে মিস্ত্রির কাজ করেন। এ কারণে তাঁদের মেয়েকে লালন-পালনে সমস্যা হচ্ছিল। তিন মাস আগে মিমকে লালন-পালনের জন্য বরগুনায় তার খালা মোর্শেদার কাছে পাঠানো হয়। এ জন্য মোর্শেদাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হতো।গত ১ নভেম্বর মোর্শেদা ও তাঁর স্বামী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসচর গ্রামের শাহাবুদ্দিন ঢাকায় মিমের বাবা-মায়ের কাছে যান। শাহাবুদ্দিন ও মোর্শেদা তাঁদের বলেন, ‘ঢাকায় আসার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মিম হারিয়ে গেছে।’ প্রথমে মিমের বাবা-মা তাঁদের কথা বিশ্বাস করেন। কিন্তু পরে তাঁদের রহস্যজনক আচরণে সন্দেহ হয়। অবশেষে শিশুর বাবা নিজাম উদ্দিন গত মঙ্গলবার বাদী হয়ে মোর্শেদা ও শাহাবুদ্দিনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলার পরপরই মোর্শেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন মিমকে হত্যা করে লাশ তাঁদের বসতঘরের বারান্দার মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছে। পরে ওই দিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিন উদ্দীনকে সঙ্গে নিয়ে মিমের লাশ উদ্ধার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির বলেন, মোর্শেদা বেগম প্রাথমিকভাবে জানিয়েছেন, শিশুটি প্রায়ই রাতে বিছানায় প্রস্রাব করত। এ কারণে তাঁর স্বামী মাঝেমধ্যেই তাকে মারধর করতেন। ঘটনার দিন শিশুটি প্রস্রাব করায় শাহাবুদ্দিন মারধর করলে শিশুটি কান্নাকাটি করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে তাকে আরও বেশি মারেন। এতে সে আরও বেশি কান্নাকাটি করায় একপর্যায়ে শাহাবুদ্দিন তাকে আছাড় মারেন। এতে মিম ঘটনাস্থলেই মারা যায়। অবস্থা বেগতিক দেখে তিনি মিমের লাশ মাটিচাপা দেওয়ায় স্বামীকে সহায়তা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর শিশুর লাশ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।