৯০০ টন কয়লাসহ লাইটার জাহাজডুবি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ভাসানচর এলাকায় মেঘনা নদীর মোহনায় গতকাল শুক্রবার ৯০০ টন কয়লাবোঝাই ‘এমভি মাস্টার সোহাগ’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের মাস্টার ও শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।
লাইটার জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে ৯০০ টন কয়লা নিয়ে লাইটার জাহাজটি খুলনার দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঢেউয়ে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
ব্যবসায়ীরা জানান, ডুবে যাওয়া জাহাজের কয়লার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ভাসানচরে ২ নম্বর বয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। পূর্ণ জোয়ারের সুবিধা না নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তিনি জানান, বেলা আড়াইটার দিকে অন্য দুটি জাহাজ ডুবে যাওয়া জাহাজের মাস্টার ও শ্রমিকদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া শ্রমিকেরা ‘এমভি মার্কেন্টাইল-৮’ জাহাজে আছেন। ওই জাহাজের মাস্টারের সঙ্গে মুঠোফোনে কথা বলে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, দুর্ঘটনার পর জাহাজের একাংশ পানির ওপরে ছিল। সেখানেই লাইফ জ্যাকেটসহ শ্রমিকেরা আশ্রয় নেন। এরপর ওই পথ দিয়ে যাওয়ার সময় মাস্টারসহ আটজন শ্রমিক মার্কেন্টাইল-৮ জাহাজে ওঠেন। আরেকজন অন্য আরেকটি জাহাজে ওঠেন।