খালাতো বোন ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জয়নগরে দুই বোনকে এসিড নিক্ষেপের মামলায় তাঁদের খালাতো বোন শারমীন ফারজানা লতিফ ওরফে সাকী (২২) ও তাঁর ছোট ভাই মুহাম্মদ ইফতেখার লতিফ ওরফে সাদীর (২০) বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম অভিযোগ গঠনের এই আদেশ দেন।সূত্র জানায়, গতকাল এসিড অপরাধ দমন আইন ২০০১-এর ৫(ক) ও ৭ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় আগামী ৪ ও ৫ মে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। এর আগে মামলা থেকে অব্যাহতি চেয়ে দুই আসামির করা আবেদন আদালত গতকাল শুনানি শেষে নাকচ করেন।গত বছরের ১০ অক্টোবর ভোরে জয়নগরে নিজ বাসায় এসিডদগ্ধ হয় মুনতাহা কারিনা (১৯) ও সালসাবিল তাসনিম (১৬)। সে সময় পাশাপাশি বিছানায় ঘুমিয়েছিলেন তাদের খালাতো বোন এ মামলার আসামি শারমীন। ঘটনার ১০ দিন পর মুনতাহার বিয়ের দিন ধার্য ছিল। পুলিশের তদন্তে জানা যায়, বয়সে ছোট মুনতাহার বিয়ে ঠিক হওয়ায় ক্ষোভে-অপমানে শারমীন এ কাণ্ড ঘটান। এসিড সরবরাহ করেন ইফতেখার। গত ১৪ ডিসেম্বর শারমীন ও ইফতেখারকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।