চট্টগ্রাম নগরের জয়নগর এলাকায় দুই বোনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গতকাল শনিবার খালাতো বোন শারমিন ফারজানাকে (২১) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর এক খালাতো ভাই তাঁর বিরুদ্ধে গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিনও দুই বোনকে এসিড মারার বিষয়টি স্বীকার করেন।জানা গেছে, নিজের বিয়ের আগে খালাতো বোন মুনতাহারা কারিনের (১৯) বিয়ে ঠিক হয়। এতে ঈর্ষান্বিত হয়ে কারিন ও তাঁর ছোট বোন সালসাবিল তাসলিমের (১৭) ওপর এসিড নিক্ষেপ করেন তাঁদের খালাতো বোন শারমিন। নিজেকে সন্দেহের বাইরে রাখতে পরে নিজের মুখেও এসিড লাগান তিনি।নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘এসিড রাখার ছোট বোতলটি শারমিন জয়নগরের বাসার শৌচাগারের কমোডে ফেলে দেন। আমরা স্যুয়ারেজ পাইপ খুলে ওই বোতলটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। কারণ, এটি এখন মামলার অন্যতম আলামত। এ ছাড়া ঘরের মেঝেতে পড়া এসিড মুছে ফেলা হয়েছে—এমন ওড়নাও আমরা জব্দ করেছি।’পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বলেন, ‘আমরা শারমিনের সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি বলেন, শারমিন এর আগে তাঁর খালাতো বোনের আংটি পরানোর অনুষ্ঠান ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার সাক্ষী তাঁদের আরেক খালাতো ভাই ইয়াসিন আরাফাত শনিবার আদালতে জবানবন্দি দেন।২ অক্টোবর সকাল ছয়টার দিকে চকবাজারের জয়নগর এলাকার চতুর্থতলার বাসায় ঘুমের মধ্যে কারিন, তাসলিম ও শারমিন এসিডদগ্ধ হন। পরে তিন বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই কারিনের বাবা আনোয়ারুল মবিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। কারিনের ১০ অক্টোবর বিয়ের দিন ধার্য ছিল।