খালাতো ভাইসহ তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী নারী মরিয়ম মুর্মুকে ধর্ষণ ও হত্যার দায়ে তাঁর খালাতো ভাই আন্দ্রিয়াস মুর্মুসহ তিনজনকে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক এ কে এম এনামুল হক এই রায় দেন।ফাঁসির আদেশ পাওয়া অপর দুই আসামি হলেন শওকত ইকবাল ও জোহান মারান্ডি। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি হলেন অমর কিস্কু। তাঁদের সবার বাড়ি উপজেলার সিমলা দীঘিপাড়া গ্রামে।রায়ে আসামিদের বিরুদ্ধে ৩৯৪/১০৯ ধারায় দস্যুতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাঁসির সব আসামিকে আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে আন্দ্রিয়াসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড; শওকত ইকবালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড; জোহানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং অমর কিস্কুকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।নিহত মরিয়ম মুর্মুর বাড়ি তানোর উপজেলার চৈতপুর গ্রামে। তিনি গোদাগাড়ীর সিমলা দীঘিপাড়া গ্রামে বয়স্ক শিক্ষা স্কুলের শিক্ষিকা ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের কারণে খালাতো ভাই আন্দ্রিয়াস মুর্মু মরিয়মের পরিবারকে শায়েস্তা করতে ১০ হাজার টাকা চুক্তিতে গত ৯ জুলাই অপর তিন আসামিকে মরিয়মের বাড়িতে পাঠান। আসামিরা সবাই আদালতে স্বীকারোক্তিতে বলেছেন, অমর কিস্কু চালার ওপর দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা খুলে দিলে জোহান ও শওকত ইকবাল ভেতরে ঢোকেন। পরে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় মরিয়মের ছেলে ইউলসন মারান্ডি ১০ জুলাই একটি হত্যা মামলা করেন।