খালাফ হত্যা মামলা: আপিল শুনানির দিন ধার্য
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাইকোর্টের রায়ে একজনকে খালাস ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ মামলার আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় শুনানির দিন ধার্যের জন্য ৯ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায় রাষ্ট্রপক্ষ। সেদিন আদালত ২১ নভেম্বর দিন ধার্য করেন।
দুই বছর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার অনুমতি পায়। ২০১৪ সালের ২৩ জুলাই আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন। মামলার এ পর্যায়ে এখন আপিল শুনানি শুরুর পালা।
সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেছেন, এক আসামিকে খালাস ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তিনটি আপিল করে। অপর্যাপ্ত সাজা উল্লেখ করে আপিলে হাইকোর্টের রায় বাতিল ও আসামিদের সর্বোচ্চ সাজার আরজি জানানো হয়েছে। ২১ নভেম্বর এসব আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের তালিকায় আসবে।
চার বছর আগে ২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৭ মার্চ গুলশান থানায় মামলা করে পুলিশ। একই বছরের ২৪ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১২ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পাঁচ আসামির মধ্যে সেলিম চৌধুরী শুরু থেকেই পলাতক।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। এসবের ওপর শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে এক আসামির মৃত্যুদণ্ড বহাল, তিন আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামিকে খালাস দেওয়া হয়। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে। অপর তিন আসামি আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। খালাস পান অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।