সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার তদন্তে কোনো গাফিলতি নেই। গতকাল মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার টিপু সুলতান রোডে ওয়ারী থানার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। রাজধানীর নতুন থানা হিসেবে যাত্রা শুরু করল ওয়ারী। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ নিয়ে রাজধানীতে থানার সংখ্যা দাঁড়াল ৪২-এ। চলতি মাসে আরও সাতটি থানা চালু করার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল আলীমকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হলেও বিএনপি ও জামায়াত এ বিচারকে বাধাগ্রস্ত করছে। মন্ত্রী দাবি করেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি গত ১০ বছরের যেকোনো সময়ের তুলনায় ভালো আছে। তিনি বলেন, এ থানায় এসে কেউ যেন সেবা না পেয়ে ফিরে না যায়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাতে পাননি। হাতে পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের সেবা দেওয়ার চিন্তা মাথায় রেখে ঢাকা মহানগরে ৪৯টি থানা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, অবকাঠামোগত সমস্যাসহ পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ওয়ারী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে থানার ওসি থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সানজিদা খানম, সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন জাহান ও শাহিদা তারেখ।ওয়ারী থানা: টিপু সুলতান রোডে আবদুর রহিম (ওয়ারী) কমিউনিটি সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় থানার কার্যক্রম চলবে। গোপীবাগ কাঁচাবাজার, ওই এলাকার রেলক্রসিং থেকে আর কে মিশন রোড, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ক্রসিং পার হয়ে ইত্তেফাক ক্রসিং। টিকাটুলী ক্রসিং থেকে পশ্চিম দিকে টয়েনবি সার্কুলার রোড হয়ে নবাবপুর লেভেল ক্রসিং। নবাবপুর রোড হয়ে সাহেববাজার ক্রসিং পর্যন্ত থানা এলাকা।