খালাফ হত্যা মামলা পাঠানো হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার বিচারকাজ নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। গত ২০ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওবায়দুল হক এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মামলাটি জনগুরুত্বপূর্ণ হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আগে আইনানুগ-প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, ডিবি পুলিশ পাঁচজনকে আসামি করে দস্যুতার মাধ্যমে হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩৯৬ ধারায় প্রতিবেদন দিয়েছে। একজন আসামি পলাতক।২৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম, আল আমিন, আকবর আলী, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। তাঁদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চার আসামি কারাগারে আটক আছেন।রাজধানীর দক্ষিণখানের উত্তর গাওয়াইর থেকে গত ৪ জুন সাইফুল, আল আমিন ও আকবরকে গ্রেপ্তার করা হয়। ১২ জুন গ্রেপ্তার করা হয় রফিকুলকে। এই চারজনকে ২৫ জুলাই খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। পরে আল আমিন ও আকবর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।