খালাফ হত্যাকাণ্ড: আপিলের রায় ১০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) শুনানি গ্রহণ শেষ হয়েছে। ১০ নভেম্বর বিষয়টি রায়ের জন্য রাখা হয়েছে। 

আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি গ্রহণ শেষে রায়ের এ দিন ধার্য করেন।

খালাফকে হত্যার দায়ে গত বছরের ৩০ ডিসেম্বর পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। আসামিরা হলেন সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম খোকন ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ। এর মধ্যে সেলিম চৌধুরী শুরু থেকে পলাতক।

আদালত সূত্র জানায়, এই রায়ের বিরুদ্ধে চার আসামি প্রথমে জেল আপিল ও পরে আপিল করেন। একই সঙ্গে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। পরে ওই বেঞ্চে ৩০ জুলাই থেকে শুনানি শুরু হয়।  

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম শুনানি করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. খবিরউদ্দিন ভূইয়া।

পরে খোরশেদুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আদালত ১০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন।

গত বছরের ৫ মার্চ রাতে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন মামলা করেন। গত ২৪ বছরের সেপ্টেম্বর ডিবি পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।