খালাফ হত্যার ঘটনায় গ্রেপ্তারে সৌদি সরকারের সন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি আরবের দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করায় সে দেশের সরকার সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল বাসাইরি তাঁর সরকারের এই মনোভাবের কথা জানান। খবর বাসসের।বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুসংহত হবে।সৌদি রাষ্ট্রদূত ঢাকায় তাঁর দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান ও মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।সৌদি দূতাবাসের কনস্যুলার শাখার কর্মকর্তা খালাফ (৪৫) গত ৬ মার্চ কূটনৈতিক এলাকায় তাঁর বাসার কাছে গুলিতে নিহত হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সম্প্রতি আল আমিন, সাইফুল ইসলাম ওরফে মামুন, রফিকুল ইসলাম ওরফে খোকন ও আকবর আলী ওরফে লালুকে গ্রেপ্তার করে। আল আমিন ঢাকা মহানগর হাকিমের আদালতে এই খুনের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।হাঙ্গার সম্মেলনে যোগ দিতে কাল লন্ডন যাবেন: প্রধানমন্ত্রী ‘গ্লোবাল হাঙ্গার ইভেন্টে’ যোগ দিতে কাল শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। ১২ আগস্ট লন্ডন অলিম্পিকের শেষ দিনে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।হাঙ্গার ইভেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী লন্ডন অলিম্পিকের সমাপনী অধিবেশনে যোগ দেবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমের সম্মেলনে ১২ আগস্ট থেকে ২০১৬ সালের অলিম্পিকের মধ্যবর্তী সময় বিশ্বের দরিদ্র শিশুদের পুষ্টি উন্নয়ন ও অনাহারের হার হ্রাসের প্রচেষ্টা জোরদার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন।