খালার খপ্পর থেকে বাঁচতে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীটি মা-বাবাকে হারায় চার বছর বয়সেই। তারপর ঠাঁই হয় খালার কাছে। সেই খালার খপ্পর থেকে ইজ্জত বাঁচাতে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঘর ছাড়ে সে। মানিকগঞ্জে এসে খপ্পরে পড়ে বখাটেদের। অতঃপর এলাকাবাসীর সহায়তায় রক্ষা পায় সে। তাকে হস্তান্তর করা হয় পুলিশের কাছে। মেয়েটি গতকাল শনিবার সাংবাদিকদের জানায়, তার বাড়ি চট্টগ্রামের বন্দর থানার চৌদ্দগ্রাম এলাকায়। বছর দশেক আগে সড়ক দুর্ঘটনায় তার বাবা ও মা মারা যান। এরপর নিঃসন্তান খালা আমেনা খাতুন তাকে ঢাকায় নিয়ে আসেন। তার খালা ঢাকার মানিকনগরের ৩৩/৪ নম্বর বাসায় মেয়েদের এনে অবৈধ ব্যবসা করেন। তাকেও ওই কাজে নামানোর জন্য চাপ দেন। রাজি না হওয়ায় প্রতিদিনই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। সে আরও জানায়, গত বৃহস্পতিবার খালার বাসা থেকে বের হয়ে বাসে করে সে মানিকগঞ্জ চলে আসে। ওই দিন সন্ধ্যায় সে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা বাসস্ট্যান্ডে নেমে তরা সেতুর টোল প্লাজায় বসে রাত কাটায়। পরদিন শুক্রবার সকালে হেঁটে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে যায়। রাত আটটার দিকে আবার হেঁটে তরা ফেরার পথে কয়েকজন বখাটে যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মেয়েটির দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।