খালার বাসায় বেড়ানো হলো না শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসহ স্বজনদের সঙ্গে খালার বাসায় বেড়াতে চট্টগ্রামে এসেছিল ছয় বছরের শিশু মো. রাসেল। বাস থেকে নেমে খালার বাসায় পৌঁছার আগেই গাড়ির ধাক্কায় মারা গেছে শিশুটি। গতকাল সোমবার সকালে নগরের ষোলোশহরের মেয়র গলির মুখে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুটির মাসহ আরও দুই স্বজন আহত হয়েছেন।
নিহত মো. রাসেলের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। তার মায়ের নাম পাখি আক্তার।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও রাসেলের খালু মো. সিরাজ পাটোয়ারী প্রথম আলোকে বলেন, তিনি চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পরিবার নিয়ে থাকেন। গত সপ্তাহে গ্রামের বাড়িতে যান। ফেরার সময় চট্টগ্রামে বেড়ানোর জন্য সঙ্গে করে শ্যালিকা পাখি আক্তার, তাঁর ছেলে রাসেল, খালা মমতাজ বেগম ও ফুফাতো ভাই মো. জুয়েলকে নিয়ে আসেন। গত রোববার ভোলা থেকে রওনা দিয়ে গতকাল সকালে ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় বাস থেকে নামেন। সেখান থেকে বাসায় যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া নেন। মেয়র গলির সামনে পৌঁছানোর পর দ্রুতগতির একটি পাজেরো গাড়ি তাঁদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত করা যায়নি। রাসেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।