ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামির খালাস ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ ওই লিভ টু আপিল করে।
আইনজীবী সূত্র জানায়, সাজা অপর্যাপ্ত উল্লেখ করে আবেদনে হাইকোর্টের ওই রায় বাতিল চাওয়া হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজার আরজিও রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
খালাফকে হত্যার দায়ে ২০১২ সালের ৩০ ডিসেম্বর এক রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ওপর শুনানি শেষে গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখা ও সেলিম চৌধুরীকে খালাস দেওয়া হয়। আসামি আল আমীন, আকবর আলী ও রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।