খালাস চেয়ে নূর হোসেনের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক আপিল দায়ের করেন তাঁর আইনজীবী।
নূর হোসেনের আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ বলেন, দুই মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে পৃথক আপিল দায়ের করা হয়েছে। দুটি আপিলের সঙ্গে বিচারিক আদালতের রায়সহ পৃথকভাবে সাড়ে ৫০০ পৃষ্ঠার বেশি নথিপত্র রয়েছে। আপিলে নূর হোসেনকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি ওই মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র্যা বের সাবেক তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর দুই মামলায় নিম্ন আদালতের রায় ও নথিপত্র ২২ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায়। সেদিনই তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৯ জানুয়ারি ওই মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক দ্রুত প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।
আইনজীবীরা বলেন, নিম্ন আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।