রাজধানীর মতিঝিলে শিল্পপতি আবদুল কাদের হত্যা মামলায় হাইকোর্টে খালাস পাওয়া আসামি মোবাইল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ৷ গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন৷
বিচারিক আদালতের রায়ে মোবাইল কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল৷ একই সঙ্গে আদালত অন্য দুই আসামি আবদুর রাজ্জাক খান ওরফে ঠান্ডু এবং আতাউর রহমানকে খালাস দিয়েছেন৷ নিম্ন আদালতের রায়ে এই দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল৷ তবে হাইকোর্ট ঠান্ডুকে খালাস ও আতাউরের যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন৷
রায়ের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির ক্ষেত্রে করা আপিলের ওপর শুনানি হয়৷ মোবাইল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ৷ অপর দুজনকে খালাস দেওয়া হয়েছে৷ এখন মোবাইল কাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে৷ অন্যথায় তাঁকে গ্রেপ্তারে আইনগত বাধা নেই৷
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৭ অক্টোবর মতিঝিলে আখতার চেম্বারে গুলি করে শিল্পপতি আবদুল কাদেরকে হত্যা করা হয়৷ এ ঘটনায় পরদিন নিহতের ভাই মো. ইউসূফ মতিঝিল থানায় একটি মামলা করেন৷ ওই মামলায় ২০০৩ সালের ৮ মে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়৷ ২০০৪ সালে বিচারিক আদালত রায় দেন৷ রায়ে সাতজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ফাঁসির সাজা পাওয়া সাতজন হলেন আবদুল কাদের ওরফে মোবাইল কাদের, মাসুদ রানা লরেন্স, জাহাঙ্গীর হোসেন, শফি, আবদুর রশিদ ওরফে লিংকন, বজলুর রহমান ওরফে বজলু ও জানে আলম। যাবজ্জীবনপ্রাপ্ত চারজন হলেন ইকবাল হোসেন, আতাউর রহমান, আবদুর রাজ্জাক ওরফে ঠান্ডু ও শামীম আহমেদ।
আদালত সূত্র জানায়, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশের অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। তবে ১১ আসামির মধ্যে ইকবাল হোসেন ও শামীম আহমেদ আপিল করেননি। ২০০৭ সালের ২৫ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ে তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন বহাল রাখা হয়। আইনজীবী সূত্র জানায়, মোবাইল কাদের ও আবদুর রাজ্জাক ঠান্ডুকে খালাস দেওয়া হয়। এই দুই আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ আপিল করে। এ ছাড়া যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে আসামি আতাউরও আপিল করেন। আপিলের ওপর ৩ মে শুনানি শেষে আপিল বিভাগ ১৪ মে রায়ের তারিখ ধার্য করেন।