খালাস পাওয়া মোবাইল কাদেরকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে শিল্পপতি আবদুল কাদের হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়া আসামি মোবাইল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে এ আদেশ দেন।


আপিল বিভাগ মামলার আরেক আসামি আবদুর রাজ্জাক খান ওরফে ঠান্ডু মেম্বারের খালাসের আদেশ বহাল রেখেছেন। অপর আসামি আতাউরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৭ অক্টোবর মতিঝিলে আখতার চেম্বারে গুলি করে শিল্পপতি আবদুল কাদেরকে হত্যা করা হয়। ওই ঘটনায় পরদিন নিহতের ভাই মো. ইউসূফ মতিঝিল থানায় একটি মামলা করেন।

ওই মামলায় ২০০৩ সালের ৮ মে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৪ সালে বিচারিক আদালত রায় দেন। রায়ে সাতজনকে ফাঁসির ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।


ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাতজন হলেন আবদুল কাদের ওরফে মোবাইল কাদের, মাসুদ রানা লরেন্স, জাহাঙ্গীর হোসেন, শফি, আবদুর রশিদ ওরফে লিংকন, বজলুর রহমান ওরফে বজলু ও জানে আলম। আর যাবজ্জীবনপ্রাপ্ত চারজন হলেন ইকবাল হোসেন, আতাউর রহমান, আবদুর রাজ্জাক ওরফে ঠান্ডু ও শামীম আহমেদ।


বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স  (মৃত্যুদণ্ডাদেশের অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। তবে ১১ আসামির মধ্যে ইকবাল হোসেন ও শামীম আহমেদ আপিল করেননি।


২০০৭ সালের ২৫ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ে তিনজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বহাল রাখা হয়। মোবাইল কাদের ও আবদুর রাজ্জাক ঠান্ডুকে খালাস দেওয়া হয়।


এই দুই আসামির খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ আপিল করে। এ ছাড়া যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে আসামি আতাউরও আপিল করেন।

এই আপিলের ওপর চলতি বছরের ৩ মে শুনানি শেষে আপিল বিভাগ ১৪ মে রায়ের তারিখ ধার্য করেন। আজ সকালে আদালত এ রায় দেন।


আদালতে বাদীপক্ষে আইনজীবী মহসিন রশীদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহরাওয়ারদী, মোবাইল কাদেরের পক্ষে মুনসুরুল হক চৌধুরী, আবদুর রাজ্জাক ওরফে ঠান্ডুর পক্ষে আবদুল মতিন খসরু, আতাউরের পক্ষে আবদুল বাসেত মজুমদার মামলা পরিচালনা করেন।


পরে সোহরাওয়ারদী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির আপিলের ওপর শুনানি শেষে আজ আদালত রায় দিয়েছেন। খালাস হওয়া মোবাইল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।