খালাস পাওয়া ৬৯ আসামির বিরুদ্ধে আপিল
পিলখানা বিডিআর হত্যা মামলায় ৬৯ জন আসামির খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। এতে এই ৬৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল চেয়ে সাজার আরজি জানানো হয়েছে।
আপিল দায়েরের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনালের ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, রায়ে ২৭৮ জনকে খালাস দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে অভিযোগের পক্ষে সাক্ষ্য প্রমাণ থাকায় আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
আগামী সপ্তাহে আপিল আবেদন গ্রহণযোগ্যতার শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
পিলখানা হত্যা মামলায় গত বছরের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। এতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন, ২৫৬ বিভিন্ন মেয়াদে (তিন বছর থেকে ১৭ বছর পর্যন্ত) কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও জানান, আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যু দণ্ডাদেশের অনুমোদন) হাইকোর্টে এসেছে। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ থেকে আপিল করা হয়েছে। পেপার বুক প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।