পিলখানা হত্যা মামলায় ৬৯ জন আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। এতে ৬৯ জনকে খালাসের রায় বাতিল ও শাস্তির আরজি জানানো হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে ২৭৮ জনকে খালাস দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে অভিযোগের পক্ষে সাক্ষ্য-প্রমাণ থাকায় রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আপিলের গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী সপ্তাহে বিষয়টি হাইকোর্টে উপস্থাপন করা হবে।
নথি পর্যালোচনায় দেখা যায়, বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ৪৩ জন সিপাহি, সাতজন ল্যান্স নায়েক, ছয়জন নায়েক, পাঁচজন হাবিলদার, চারজন জেসিও, দুজন বাবুর্চি, একজন সুবেদার ও ওয়ার্ডবয়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় হত্যা মামলায় গত বছরের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। এতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়।
ফরহাদ আহমেদ জানান, আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশের অনুমোদন) হাইকোর্টে এসেছে। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিরাও আপিল করেছেন। এখন পেপার বুক প্রস্তুতের কাজ প্রক্রিয়াধীন। এ প্রক্রিয়া শেষে শুনানি শুরু হবে।