খালাস পেয়ে পুলিশ করছে চাকরি মামলা লড়ছে চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত বছরের মার্চে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ আটক মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্য মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁরা প্রায় পাঁচ মাস ধরে চাকরিও করছেন। তবে তাঁদের সঙ্গে আটক অটোরিকশার চালক এখনো মামলা লড়ছেন। আজ সোমবার আদালতে তাঁর হাজিরার ধার্য দিন রয়েছে।
গত বছরের ১ মার্চ রাতে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে পুলিশের সদস্য সিদ্দিকুল ইসলাম, আবদুস সামাদ ও লালন মাহমুদ এবং অটোরিকশাচালক সাইফুল ইসলামকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা দায়েরের পর পুলিশের সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, ওই রাতে গুড়িপাড়া এলাকায় টাস্কফোর্সের সন্দেহ হলে তিনজনকে চ্যালেঞ্জ করা হয়। তাঁরা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে গুড়িপাড়ায় অভিযান চালাতে গেছেন বলে দাবি করেন। কিন্তু তাঁরা কর্তব্যে পাঠানো পুলিশ কর্মকর্তার হুকুমনামা (সিসি) দেখাতে পারেননি।
ভোর চারটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান আটক পুলিশ সদস্যদের পক্ষে একটি সিসি নিয়ে আসেন। কিন্তু তাতে সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ছিল না। সিসির তারিখের জায়গায় লেখা ছিল ১ মার্চ, আবার কর্মকর্তার স্বাক্ষরের জায়গায় ছিল ২ মার্চ। সিসিতে মোট সাতজন পুলিশ কনস্টেবলের নাম ছিল। তাঁদের মধ্যে কনস্টেবল উজ্জ্বল আলী, পিয়ারুল, জাহাঙ্গীর ও নূরুজ্জামানকে ওই মালামালের সঙ্গে পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক বিভাগীয় তদন্তে ফেনসিডিল চোরাচালানের সঙ্গে ওসি তোফাজ্জলকে অভিযুক্ত করা হলেও বর্তমানে তিনি ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) আছেন। তিন কনস্টেবল উচ্চ আদালতে রিট করে মামলা থেকে অব্যাহতি পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন।
কনস্টেবল আবদুস সামাদ রাজশাহীতেই আছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা সিসি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযানে গিয়েছিলেন। সেখান থেকে মাদক উদ্ধার করে পরে তাঁরা গুড়িপাড়ায় আরেকটি অভিযানে যান।
অটোরিকশাচালক সাইফুল বলেন, পুলিশ তাঁর গাড়ি ভাড়া নিয়ে অভিযানে যান। তাঁরা খালাস পেয়েছেন। আর তাঁকে একাই মামলা লড়তে হচ্ছে।