খালাস পেলেন চট্টগ্রামের বিএনপি ও জামায়াতের ৯ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিস্ফোরক উদ্ধারের মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি-জামায়াতের নয় কর্মী। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া আসামিরা হলেন নুরুল হক, মো. ইমন, মো. পারভেজ, রুবেল ব্যাপারী, কামাল হোসেন, মো. ফারুক, আবু ছাদেক, আকবর হোসেন ও মো. হাছনাত।
২০১৩ সালের ২৫ ডিসেম্বর নগরের ডবলমুরিং থানার ভেলুয়ার দীঘির পূর্বপাড়ের একটি মুরগির খামার থেকে ১০টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ ছাড়া অন্য সাক্ষীরা ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে সাক্ষ্য দিয়েছেন। ফলে শুধু পুলিশের সাক্ষীর ওপর নির্ভর করে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যায়নি। এ ছাড়া মামলার জব্দ তালিকা ও তদন্তে ত্রুটি রয়েছে। যে খামার থেকে পুলিশ ককটেল উদ্ধার করে সেই খামারের মালিককে সাক্ষী কিংবা আসামি করেনি পুলিশ। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।
আসামির আইনজীবী কবির হোসেন প্রথম আলোকে জানান, আসামিরা বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থক হওয়ায় পুলিশ হয়রানি করতে ককটেল দিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সাক্ষ্য-প্রমাণে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁরা বেকসুর খালাস পান।
তবে এই মামলার তদন্ত কর্মকর্তা বর্তমানে কোতোয়ালি থানার এসআই রুহুল আমিন বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।