পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) চৌধুরী মো. ঈশা-ই খলিলের বিরুদ্ধে রেলওয়ের খালাসি পদে লোক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার লাকসামে রেলওয়ে শ্রমিক-কর্মচারীরা ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন। বেলা ১১টায় লাকসাম রেলওয়ে জংশনে শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিক্ষোভ মিছিল শেষে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ লাকসাম শাখার সভাপতি মো. আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। বক্তারা অভিযোগ করেন, চৌধুরী মো. ঈশা-ই খলিল ৯ জানুয়ারি রেলওয়ের খালাসি পদে ৮৪ জন লোক নিয়োগ দিয়ে মোটা অঙ্কের বাণিজ্য করেন। এ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ওই কর্মকর্তা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অশোভন আচরণ করেন। তাঁরা এই নিয়োগ বাতিলেরও দাবি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে চৌধুরী মো. ঈশা-ই খলিল প্রথম আলোকে জানান, অনিয়ম ও দুর্নীতির প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ওই পদে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় আট হাজার। রেলওয়ের নিয়মনীতি মেনেই যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৮৪ জনকে নির্বাচিত করে নিয়োগ দেওয়া হয়েছে।