আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ট্রানজিটের পণ্য যাওয়া গত মঙ্গল ও গতকাল বুধবার বন্ধ ছিল। জাহাজ থেকে মালামাল খালাসে বাড়তি সময় লাগায় এবং ভারতের আগরতলা বন্দর কর্তৃপক্ষ পণ্য নিতে অনীহার কারণে পণ্য যায়নি বলে জানা গেছে।
এমভি নিউটেক নামের একটি জাহাজ ভারতের কলকাতা থেকে এক হাজার টন স্টিল শিট বা রডজাতীয় পণ্য নিয়ে ১৫ জুন আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায়। ১৬ জুন পণ্য খালাসের মাধ্যমে ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পণ্য ট্রানজিটে নিযুক্ত বাংলাদেশি পরিবহন সংস্থা আনবিস লিমিটেডের আশুগঞ্জ-আখাউড়ার দায়িত্বে থাকা কর্মকর্তা মাকসুদুর রহমানের দাবি, ভারত থেকে পণ্য জাহাজে ভর্তি করা হয় এলোমেলোভাবে। এ কারণে অধিক ক্ষমতাসম্পন্ন ক্রেন ব্যবহার করলেও কম সময়ে সেসব পণ্য খালাস করা যাচ্ছে না। তাই মঙ্গলবার পণ্য খালাসে অতিরিক্ত সময় লেগেছে।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, জাহাজ থেকে পণ্য নামিয়ে ট্রাকে তোলার একটি ক্রেনে ত্রুটি দেখা দেয়। আরেকটি ক্রেন আনা হয়েছে। তবে জাহাজে পণ্যগুলো এলোমেলোভাবে আছে। ফলে ভারী এই পণ্য খালাসে অতিরিক্ত সময় লাগছে।
পণ্য খালাসে বিলম্বের পাশাপাশি ভারতের আগরতলা বন্দর কর্তৃপক্ষ পণ্য নিচ্ছে না বলেও জানা গেছে। আখাউড়া অংশে এই পণ্য ছাড় করানোর দায়িত্বে রয়েছে (সিঅ্যান্ডএফ এজেন্ট) খলিফা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। এটির কর্মকর্তা মো. ফোরকান খলিফা প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে সীমান্তের শূন্যরেখায় পণ্যবোঝাই তিনটি ট্রাক পৌঁছায়। কিন্তু আগরতলা বন্দর কর্তৃপক্ষ শ্রমিক সংকট ও ক্রেন না থাকার কথা বলে পণ্য নেয়নি। ফলে ট্রাকগুলোকে ফিরিয়ে আনতে হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নূরুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, পণ্যবোঝাই ট্রাক তিনটি আজ বৃহস্পতিবার ত্রিপুরায় যেতে পারে।
এদিকে ট্রাকমালিকেরা ট্রানজিটের পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া চাইলেও গতকাল এ বিষয়ে সমঝোতা হয়েছে। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সাধারণ পণ্য পরিবহনে টনপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু ট্রানজিটের পণ্য পরিবহনে স্থানীয় ট্রাকমালিকেরা ৫০০ থেকে ৬০০ টাকা দাবি করেছিলেন। পরিবহন সংস্থা আনবিস লিমিটেডের কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, আশুগঞ্জ নৌ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার আগরতলা স্থলবন্দর পর্যন্ত ৪২০ টাকায় পণ্য পরিবহনে সম্মত হয়েছে আশুগঞ্জের ট্রাক মালিক সমিতি।