খালি কনটেইনার জাহাজে তোলার আগে পরীক্ষা করবে তিন সংস্থা
চট্টগ্রাম বন্দর থেকে কোনো খালি কনটেইনার জাহাজে তোলার আগে ওই কনটেইনার ভালোভাবে পরীক্ষা করে দেখবে তিন সংস্থার প্রতিনিধিরা। তিন সংস্থার প্রতিনিধির যৌথ জরিপ শেষে নিশ্চয়তা দেওয়ার পরই কেবল খালি কনটেইনার জাহাজে তোলা হবে। তবে ওই খালি কনটেইনার কোনোভাবে সিলগালা করা যাবে না।বন্দরের রেস্টহাউসে গতকাল সোমবার দুপুরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা আইএসপিএস (ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি) সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কমিটির (ডিএ কমিটি) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জরিপের ক্ষমতা পাওয়া তিনটি সংস্থা হলো, কনটেইনারের মালিকপ্রতিষ্ঠান এমএলও (মেইন লাইন অপারেটর), শুল্ক কর্তৃপক্ষ এবং জেটিতে কর্মরত বার্থ অপারেটর।পদাধিকার বলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি-শিপিং) আইএসপিএস-ডিএ কমিটির চেয়ারম্যান। সরকারি দুটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা এবং নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তাকে এ কমিটির সদস্য রাখা হয়েছে। গত মার্চে সর্বশেষ ঢাকায় এই কমিটির বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন ডিজি-শিপিং কমোডর জোবায়ের আহমদ। বৈঠকের শুরুতে তিনি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের খালি কনটেইনারে করে দুই শ্রমিকের সিঙ্গাপুর যাত্রা এবং আগে আরও অন্তত তিনজন শ্রমিকের কনটেইনার জাহাজে করে বিদেশ পাড়ি দেওয়ার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এটা বন্দরের নিরাপত্তা-ব্যবস্থার দুর্বলতার উদাহরণ। এসব দুর্বলতা স্থায়ীভাবে কাটিয়ে ওঠা না গেলে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার বিধি মেনে বিদেশি জাহাজ চট্টগ্রামে আসা ধীরে ধীরে বন্ধ করে দেবে। যারা আসবে, তাদের কেউ চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে পণ্য তুলবে না। বন্দরের বৈঠক: বন্দরের নিরাপত্তা উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক গতকাল দুপুরে বন্দর রেস্টহাউসে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বন্দর চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম। এ সময় পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, শিপিং এজেন্টসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়ন বিষয়ে উপস্থাপনা করেন বন্দরের ডক-মাস্টার ক্যাপ্টেন মো. ফরিদুল আলম। সভায় বন্দর জলসীমায় ছিঁচকে চুরি রোধ করতে কোস্টগার্ড সদস্যদের উপকূলীয় এলাকায় এবং নৌবাহিনীকে উন্মুক্ত সাগরে তদারকি নিশ্চিত করতে বলা হয়।