খালি কনটেইনার থেকে যুবক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশাখাপট্টনম বন্দরে একটি খালি কনটেইনার থেকে বাংলাদেশি যুবক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার চার সদস্যের এই কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানতে চাইলে বন্দরের পরিচালক গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, শিগগির কমিটি কাজ শুরু করবে।
৭ অক্টোবর চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় এমভি সিনার বাটাম নামের কনটেইনারবাহী একটি জাহাজ। এই জাহাজের একটি খালি কনটেইনার থেকে রোহান হোসেনকে গত বুধবার বিশাখাপট্টনম বন্দরে উদ্ধার করা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জরুরি বৈঠকে বসে তদন্ত কমিটি গঠন করে বন্দর কর্তৃপক্ষ।