খালি কনটেইনারে নজরদারি কম?
পণ্যভর্তি কনটেইনার জাহাজীকরণের সময় বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যতটা নজরদারি থাকে, খালি কনটেইনারের ক্ষেত্রে তা থাকে না। এ কারণে খালি কনটেইনারে কখনো আটকা পড়ছেন শ্রমিক, কেউবা লুকিয়ে বিদেশে যাওয়ারও চেষ্টা করেছেন। বন্দর, কাস্টমস কর্তৃপক্ষসহ বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বেসরকারি ডিপো ও বন্দর থেকে প্রতিদিন গড়ে পণ্যবিহীন ৮০০ কনটেইনার দেশের বাইরের বিভিন্ন বন্দরে পাঠানো হয়। পণ্য পরিবহনের কাজে গত বছর প্রায় ২ লাখ ৮৫ হাজার খালি কনটেইনার বিদেশে পাঠানো হয়।
চট্টগ্রাম বন্দর থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ এপ্রিল দুর্ঘটনাবশত দুজন কনটেইনারে আটকা পড়েন। সিঙ্গাপুর বন্দরে তাঁদের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ২০১০-২০১২ সাল পর্যন্ত জাহাজে ওঠার পর খালি কনটেইনারে ঢোকার চেষ্টা করতে গিয়ে আটক হন দুজন। গত বৃহস্পতিবার কনটেইনার থেকে উদ্ধার হন আবু তাহের নামের এক শ্রমিক। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে মংলা বন্দর থেকে তাঁকে উদ্ধার করা হয়।
খালি কনটেইনার জাহাজে ওঠানোর আগে দুই দফা যাচাই-বাছাই করা হয়। বেসরকারি ডিপো থেকে বের হওয়ার সময় সেখানকার কর্তৃপক্ষ এবং বন্দর ফটক দিয়ে ঢোকার সময় বন্দর কর্তৃপক্ষ আরও একবার খালি কনটেইনারটি যাচাই করে দেখে। এরপর বাইরে থেকে কনটেইনারের দরজা বন্ধ করে জাহাজে ওঠানো হয়।
বন্দরের কর্মকর্তারা বলছেন, বেসরকারি ডিপো থেকে জাহাজে তুলে দেওয়া পর্যন্ত সঠিক নজরদারি না হলে যে কেউ খালি কনটেইনারের দরজা খুলে ভেতরে ঢুকতে পারে। এভাবে অবৈধ পণ্য পরিবহনের সুযোগ থাকে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০০৪ সালের জুলাই থেকে চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ (আইএসপিএস) কোড চালু হয়। এ কোড অনুযায়ী বন্দরে নিরাপত্তাঝুঁকি শনাক্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনির্দিষ্ট দায়িত্ব ঠিক করা আছে। বন্দর সহায়ক স্থাপনা বেসরকারি ডিপোগুলোতেও আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক।
যোগাযোগ করা হলে আইএসপিএস কোড বাস্তবায়ন তদারকির দায়িত্বে নিয়োজিত সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান নটিক্যাল সার্ভেয়ার কে এম জসিম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, খালি কনটেইনারে যেহেতু একাধিকবার শ্রমিক আটকা পড়ার ঘটনা ঘটছে, সে জন্য এসব কনটেইনার জাহাজীকরণের আগে ভালোভাবে যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া আছে। বন্দর বা বেসরকারি ডিপো যেখান থেকে খালি কনটেইনার জাহাজে তোলা হবে, সেখানকার সংস্থাগুলো এই দায়িত্ব পালন করবে। গত বৃহস্পতিবারের ঘটনা কার গাফিলতিতে ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে নানা কাজে এসব সংস্থার অন্তত ১৪ হাজার লোক প্রতিদিন আসা-যাওয়া করে। কর্মরত ও ব্যবহারকারী সংস্থার শ্রমিক-কর্মচারীদের জন্য গত বছরের ৯ নভেম্বর থেকে চার রঙা নিরাপত্তা জামা পরে বন্দরে প্রবেশের কর্মসূচি চালু করা হয়। তবে এখনো এর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ফলে সংরক্ষিত এলাকা এবং জেটিতে নোঙর করা জাহাজের ভেতরে কে শ্রমিক, কে অনুপ্রবেশকারী, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
গত বৃহস্পতিবার যে কনটেইনার থেকে শ্রমিক উদ্ধার হয়েছে, সেই কনটেইনার চট্টগ্রামের বেসরকারি ডিপো শফি মোটরস থেকে বন্দরে ঢুকেছিল। জানতে চাইলে শফি মোটরসের ব্যবস্থাপক (পরিচালন) মো. মাইনুদ্দিন দাবি করেন, ডিপো থেকে যেসব খালি কনটেইনার বন্দরে পাঠানো হয়, সেগুলো যাচাই-বাছাই করা হয়। ওই কনটেইনারটিও খুলে যাচাই-বাছাই করা হয়েছে।
এ বিষয়ে বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’