খালি জায়গার কথা বলে রাস্তায় বাজার বসানোর ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের সরু ইনস্টিটিউট রোডে পথচারীদের চলাচলে কোনো ফুটপাত নেই, খালি জায়গাও নেই। অথচ ওই সড়কের পাশে খালি জায়গা আছে উল্লেখ করে কাঁচা বাজার বসানোর ইজারা দিয়েছেন নবগঠিত সিটি করপোরেশনের সরকার মনোনীত প্রশাসক। এক্ষেত্রে নাগরিকেরা আপত্তি জানালেও তিনি শুনেননি। ইজারাদার ইনস্টিটিউট রোডের পাশাপাশি পাশের মীরজুমলা সড়কেও বাজার বসিয়েছেন। এতে ইনস্টিটিউট রোড দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর মীরজুমলা সড়ক দিয়ে কোনোমতে যানবাহন চলতে পারে।সিটি করপোরেশন সূত্র জানায়, নারায়ণগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার পর গত জুন মাসের শেষের দিকে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ কামালকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করে। এরপরের মাসে সিটি করপোরেশন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানায়, ‘করপোরেশনের আওতায় ইনস্টিটিউট রোডের পাশের খালি জায়গা’ ইজারা দেওয়া হবে। গত ২৪ জুলাই নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সদস্যরা প্রশাসক শাহ কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইনস্টিটিউট রোড ইজারা না দেওয়ার অনুরোধ জানান। তাঁদের প্রবল আপত্তি সত্ত্বেও প্রশাসক আগস্ট থেকে ১১ মাসের জন্য মোমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকার বিনিময়ে সড়কটি ইজারা দেয়। মোমেনের স্বত্ত্বাধিকারী রুহুল আমিন একই সঙ্গে দিগুবাবুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি।ইজারার পর: ইজারাদার ইনস্টিটিউট রোডের পাশের ‘খালি’ জায়গার ইজারা পেলেও তিনি পুরো সড়কে বাজার বসান। বাজার বসান পাশের মীর জুমলা সড়কেও। দুটি সড়কে প্রতিদিন তিন বেলায় প্রায় দেড় হাজার খুচরা ও পাইকারি ব্যবসায়ী তাদের পণ্য নিয়ে বসেন। ইজারাদার রুহুল আমিনের লোকজন ইনস্টিটিউট রোডের পাইকারি বিক্রেতাদের কাছ থেকে দিনে ৫০ টাকা ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে ৩০ টাকা হারে মাশুল আদায় করছে। এ ছাড়া প্রতি বস্তা আলুর জন্য পাঁচ টাকা, কচুর ট্রাক থেকে ৫০০/৬০০ টাকা, মিষ্টি কুমড়াসহ অন্যান্য সবজির ট্রাক থেকে ৩০০/৪০০ টাকা করে আদায় করছে। এদিকে মীর জুমলা সড়কে ভ্যানে করে তরকারি বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে থেকে প্রতিদিন ২০ টাকা এবং রাস্তায় বসা বিক্রেতাদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা মাশুল আদায় করছে ইজারাদারের লোকজন। নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ব্যবসায়ীরা প্রথম আলোকে বলেন, মূলত ইজারাদার রুহুল আমিন, দিগুবাবুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাবের হোসেন জোয়ার্দার ও রুহুল আমিনের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আলী ইনস্টিটিউট রোড ও মীরজুমলা সড়ক নিয়ন্ত্রণ করছেন। প্রতিদিন দেড় হাজার ব্যবসায়ীর কাছ থেকে গড়ে ৫০ টাকা করে মাশুল বাবদ প্রতিদিন তারা ৭৫ হাজার টাকা আদায় করছে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ইনস্টিটিউট রোড ও মীরজুমলা সড়ক দীর্ঘ ২০ বছরের অবৈধ দখলমুক্ত করে ২০০৮ সালে বিপুল অর্থ ব্যয়ে রাস্তা ও নর্দমা তৈরি করে পৌরসভা। পরে তা সাধারণ জনগণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অথচ সিটি করপোরেশনের প্রশাসক আমাদের অনুরোধ উপেক্ষা করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে ইনস্টিটিউট রোড ইজারা দিয়েছে। ইনস্টিটিউট রোডের পাশাপাশি এখন মীরজুমলা সড়কেও অবৈধ বাজার বসিয়েও রাস্তাটি অচল করে রাখা হয়েছে। যোগাযোগ করা হলে রুহুল আমিন বলেন, ‘আমরা মোটা অঙ্কের অর্থ জমা দিয়ে ইজারা এনেছি। আগের তুলনায় সিটি করপোরেশনের তহবিলে পাঁচ গুণ বেশি অর্থ জমা দিয়েছে। স্বাভাবিক কারণেই মাশুলের হার বেড়েছে। আর মীরজুমলা সড়কে আমরা কোনো বাজার বসাইনি। দিগুবাবুর বাজারে এর আগে চাঁদাবাজির সঙ্গে যুক্ত একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক যুগ্মসচিব শাহ কামাল প্রথম আলোকে বলেন, ‘আগস্টের ১ তারিখ থেকে পরবর্তী ১১ মাসের জন্য ২০ লাখ টাকায় মমিন এন্টারপ্রাইজকে ইনস্টিটিউট রোডের পাশের খালি জায়গা ইজারা দেওয়া হয়েছে।’ইনস্টিটিউট রোডের দুই পাশে কোনো খালি জায়গা নেই বললে শাহ কামাল দাবি করেন, ‘খালি জায়গা আছে।’ মীর জুমলা সড়কে বাজার বসানোর ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুলাহ নূরী বলেন, মীর জুমলা সড়কে কাউকে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়নি। ইতিমধ্যে সিটি করপোরেশন ওই সড়কে মাইকিং করে বাজার সরাতে বলেছে।