খালি বাসা পাহারা দিতে পুলিশ রাখা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া গুলশানের বাসভবনে এখন থাকছেন না। সুতরাং খালি বাসা পাহারা দেওয়ার জন্য পুলিশ রাখা সম্ভব নয়। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত কার্যসূচি শেষ হওয়ার পর শুধু মন্ত্রীদের নিয়ে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী জানান, কার্যকারিতা না থাকলেও খালেদা জিয়া ভিন্ন উদ্দেশে হরতাল-অবরোধ কর্মসূচি দীর্ঘায়িত করছেন। তাঁকে হত্যা করাই কর্মসূচি অব্যাহত রাখার উদ্দেশ্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।
কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় জঙ্গি তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান চালানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে একজন মন্ত্রী খালেদা জিয়ার গুলশানের কার্যালয় তল্লাশি চালিয়ে সেলিমা রহমানসহ যাঁরা আছেন, তাঁদের বের করে দেওয়ার কথা বলেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলেননি।
বিদ্রোহে শাস্তি হবে আনসারদেরও: ব্যাটালিয়ন আনসারদের শৃঙ্খলাভঙ্গে বাধ্যতামূলক অবসরসহ আরও কয়েকটি শাস্তির বিধান অন্তর্ভুক্ত করে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে।
এ ছাড়া আনসারদের বিদ্রোহের জন্য বিজিবি আইনের সঙ্গে সংগতি রেখে যথোপযুক্ত শাস্তির বিধান যুক্ত করার অনুশাসন দেওয়া হয়েছে। অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী হওয়ার সময় নয় বছর থেকে কমিয়ে ছয় বছর করার অনুশাসনও দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাটালিয়ন আনসারের কোনো কোনো সদস্য পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু অপরাধ করেন। সে ক্ষেত্রে কী কী শাস্তি দেওয়া যাবে, তার একটা তালিকা ছিল। আইনে শৃঙ্খলা ভঙ্গের জন্য বাধ্যতামূলক অবসর দেওয়ার বিধান ছিল না। এ ছাড়া কয়েকটি মধ্যম ধরনের শাস্তি ছিল না, যা এই সংশোধিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিত করা, বেতন বৃদ্ধি স্থগিত করা, অবহেলার কারণে আর্থিক ক্ষতি হলে আনুতোষিক থেকে কর্তন করা ইত্যাদি শাস্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কয়লাভিত্তিক বিদ্যুতে ইউনিটপ্রতি তিন পয়সা আদায় করা হবে: মন্ত্রিপরিষদ সচিব বলেন, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার উন্নয়নে তহবিল গঠন ও পরিচালনার জন্য একটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এ নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিট কয়লাভিত্তিক বিদ্যুৎ বিক্রয়মূল্যে তিন পয়সা করে ট্যারিফ নির্ধারণ করে প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়ন তহবিল গঠন করা হবে।