খালি মাঠে গোল দিতে চান সবাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বরিশাল-১ বাদে বাকি পাঁচটি আসনেই গড়ে নয়জন করে প্রার্থী। বরিশাল-৩ ও বরিশাল-৪ আসনে সর্বোচ্চ ১১ জন করে মনোনয়নপ্রত্যাশী।

আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে কোনো নির্বাচনেই এত বিপুলসংখ্যক প্রার্থী দলের মনোনয়নপত্র নেননি। এবার বিএনপি ছাড়া নির্বাচন হতে যাচ্ছে ধরে নিয়ে খালি মাঠে গোল দেওয়ার আশা করছেন সবাই। তাঁরা মনে করছেন, কোনোভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেই সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ হবে।

জানতে চাইলে আওয়ামী লীগের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘সংসদ নির্বাচন ঘিরে দলের সব নেতা-কর্মীর আগ্রহ থাকেই। সে কারণে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন, আমরা তাঁর পক্ষেই কাজ করব।’ বিএনপি নির্বাচনে না-ও আসতে পারে—এ কারণেই প্রার্থীর সংখ্যা এত বেশি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো আশাবাদী বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।’

তালুকদার ইউনুস বরিশাল-১ (গৌরনদী-আগৈল-ঝাড়া) আসনের সাংসদ হলেও এবার তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৫ (সদর) এই দুই আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ। বরিশাল আওয়ামী লীগের ‘অভিভাবক’ হিসেবে তাঁর ওই আসন থেকে অন্য কোনো দলীয় প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেননি বলে তাঁর অনুসারীরা দাবি করছেন।

বরিশাল-২ আসনে নয়জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে ১১ জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ১১ জন, বরিশাল-৫ আসনে নয়জন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ছয়জন মনোনয়নপ্রত্যাশী।

বরিশাল-২: এই আসনের বর্তমান সাংসদ মনিরুল ইসলাম। একসময়ের জাতীয় পার্টির এই নেতা ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, তিনি তাঁদের বঞ্চিত করে পাঁচ বছর নিজের লোকজন নিয়েই চলেছেন। আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাঁর অনুসারীদের একাধিকবার সংঘর্ষও হয়েছে। সর্বশেষ একটি মামলায় বরিশালে আদালত চলাকালে এজলাসে গিয়ে তিনি মোবাইল ফোন বিচারকের দিকে এগিয়ে দিয়ে বলেন, আইনমন্ত্রী কথা বলবেন। এ নিয়ে চরমভাবে সমালোচিত মনিরুল ইসলাম এবারের নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী।

এ আসনে আরও আটজন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। তাঁরা হলেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র শীল, সহসভাপতি সৈয়দ আতাউর রহমান, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হবিবুর রহমান খান ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা রোজি।

বরিশাল-৩: এই আসনের বর্তমান সাংসদ মহাজোটের শরিক দল জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া। তবে এবার মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের ১১ জন নেতা। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মো. জহিরউদ্দিন খসরু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক, মুলাদি আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক রাঢ়ী, চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে রুবেল, প্রকৌশলী আজহার উদ্দিন, ব্যবসায়ী মোস্তাফিজুর রাহমান, পলাশ শরীফ ও কাজী মাসুদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন দাবি করেছেন, ১১ জন প্রার্থী মনোনয়নপত্র নিলেও বিগত বছরগুলোতে তিনিই দলের কাজ করেছেন। কাজেই মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে সিরাজউদ্দিন আহম্মেদ দাবি করেছেন, তিনিই মনোনয়নপত্র পাবেন।

বরিশাল-৪: এই আসনের বর্তমান সাংসদ বিএনপির মেসবাহউদ্দিন। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইদুল ইসলামকে পরাজিত করেন। মাইদুল ইসলাম এবারও দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও ১০ জন এখানকার মনোনয়নপ্রত্যাশী। তাঁরা হলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহেব হোসেন, পৌর মেয়র কামালউদ্দিন খান, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ, লায়ন মজিবুর রহমান, আইনজীবী হোসনে আরা, আমিনুল হক চৌধুরী, মেজর (অব.) নাছিরউদ্দিন ও ছাত্রলীগের সাবেক নেতা তারিক-বিন-ইসলাম।

মাইদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, গত নির্বাচনে চার হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন। এবার মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী। মনোনয়ন না পেলে কী করবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দিলে আমি তাঁর জন্য কাজ করব।’

বরিশাল-৫: এই আসনের বর্তমান সাংসদ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুককে পরাজিত করেন। ১৯৯৬ সালে এই আসনে নির্বাচন করে পরাজিত হন সাবেক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহম্মেদ। এই দুজনের পাশাপাশি বরিশালের সদ্য সাবেক মেয়র শওকত হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই তিন প্রভাবশালী প্রার্থী ছাড়াও বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হাসান খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান খান, আইনজীবী মনসুর আহমেদ ও ছাত্রলীগের সাবেক নেতা আরিফ বিন ইসলাম এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শওকত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘নেত্রী এখানে যাঁকেই মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই আমি কাজ করব। তবে যাঁরা স্থানীয়, তাঁদের কাউকে মনোনয়ন দিলেই জনগণ খুশি হবে।’

বরিশাল-৬: এই আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। গতকাল তিনি নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবার এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান সাতজন। তাঁরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর (অব.) হাফিজ মল্লিক, সংরক্ষিত আসনের সাংসদ শাহনাজ পারভীন তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন এবং এস এম জুফিকার হায়দার।

নির্বাচনে নেই বিএনপি: নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহতের হুমকি দিয়েছে বিএনপি। তাই বরিশালে বিএনপির নেতারা নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না। তবে ভেতরে ভেতরে তাঁদেরও নির্বাচনের প্রস্তুতি আছে। প্রতিটি আসনেই বিএনপির একাধিক প্রার্থী নির্বাচন করতে আগ্রহী। তাঁরা এলাকায় কাজও করছেন।

তবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। আর বিএনপিকে ছাড়া গ্রহণযোগ্য কোনো নির্বাচনও হবে না। আওয়ামী লীগ এখন ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে নির্বাচন দিলে জনগণ বিএনপিকেই ভোট দেবে বলে দাবি করেন তিনি।