খালি হাতে ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গবিন্দপুরে খোলা বাজারে চাল বিক্রির কেন্দ্রে ক্রেতাদের ভিড়। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গবিন্দপুরে খোলা বাজারে চাল বিক্রির কেন্দ্রে ক্রেতাদের ভিড়। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

বিক্রয়কেন্দ্রের সামনে কয়েক শ নারী-পুরুষ ও শিশু গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। কার আগে কে সামনে যাবে, এই নিয়ে ঠেলাঠেলি, হইচই। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ রকমই চিত্র দেখা গেছে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গবিন্দপুরে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কেন্দ্রে।
বিক্রয়কেন্দ্রে উপস্থিত লোকজন জানালেন, এটা প্রায় প্রতিদিনের দৃশ্য। কেন্দ্রে প্রতিদিন ২০০ জনের মধ্যে ১৫ টাকা কেজি দরে প্রত্যেকের কাছে পাঁচ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। এক ব্যক্তি সপ্তাহে একবারই পাঁচ কেজি চাল কিনতে পারেন। এই অঞ্চলটি হাইল হাওরপাড়ের। এপ্রিলে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাইল হাওরে বোরো ফসল তলিয়ে গেছে। এতে এলাকার বোরো ফসল-নির্ভর মানুষ চরম সংকটে পড়েছে। এই বিক্রয়কেন্দ্র থেকে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাইল হাওরপাড়ের কৃষকদের সহায়তা করার জন্য সরকার ওএমএসের চাল দিচ্ছে। সদর উপজেলায় মাত্র দুটি কেন্দ্রের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি হচ্ছে। এর মধ্য একটি কেন্দ্র নাজিরাবাদ ইউনিয়নের গবিন্দপুর বাজারে খোলা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষেকেরা জানান, একটি কেন্দ্র হওয়ায় প্রচণ্ড ভিড়ে অনেকেই চাল নিতে পারেন না। এ কারণে অনেকই বঞ্চিত হচ্ছে। আবার এক দিন একই পরিবারের একাধিক সদস্য চাল নিয়ে যাচ্ছে। এ অবস্থায় নাজিরাবাদের পাশাপাশি গিয়াসনগর ও কাগাবলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিক্রয়কেন্দ্র খুলতে হবে।
আটঘরের বিন্দু দাস বলেন, ‘তিন দিনে আইয়া আইজ পাঁচ কেজি চাউল পাইছি। তিন দিনে আমার ৬০ টাকা গাড়ি ভাড়াই গেছে।’
গবিন্দপুরের দীপেশ দাস বলেন, ‘কাইল (কাল) আমার স্ত্রী আইয়া চাউল নিতা পারছইন না। আইজ আমি আইছি। পাইমু কি না, জানি না। পরের খেত করি খাইলেও এত দিন লাইন ধরি চাউল নিতাম আইছি না।’
মর্দনহাল গ্রামের জয়নাল আবেদীন বলেন, ‘কেউ কেউ পরিবারর কয়েকজন লইয়া আইয়া ৩০ কেজিও লইয়া যায়গি। আমরা পাইলাম না।’
একই গ্রামের গোপাল সরকার প্রথম আলোকে বলেন, ‘গতকাইল (সোমবার) সকাল ছয়টায় আইছলাম (এসেছিলাম)। আস্তা দিন (সারা দিন) বইয়া গেছি। কইছে কাইল আইও (এসো)। আইজও (গতকাল মঙ্গলবার) পাইছি না।’
ক্রেতার সারিতে দাঁড়ানো আটঘরের স্বপ্না রানী পাল বলেন, ‘আমার পরিবারে চাইর (চার) জন মানুষ। প্রত্যেক দিন দেড় কেজি চাউল লাগে। সপ্তায় পাঁচ কেজিয়ে কিতা (কি) অইত। পানিয়ে (হাইল হাওরে) খেত নিছেগি (নিয়ে গেছে) দেখি আইছি। আর অগ্রায়ন মাসে গিয়া ধান পাইতাম। এই কয় মাস আমরা চলতাম কেমনে?’
আটঘর দাসপাড়ার সুবোধ রঞ্জন দাস বলেন, ‘২০ টাকা গাড়ি ভাড়া দিয়া আই। কোনো দিন পাই, কোনো দিন পাই না। আমার এলাকায় ২ হাজার ২০০ ভোটার। এর মাঝে ১৫ থাকি ১৬ শ মানুষই গরিব। খুব আটকাত (অসহায়)। তিন দিন চাউল দিলে মানুষের খুব উপকার অইত।’
গতকাল বিক্রয়কেন্দ্রে এ প্রতিনিধির উপস্থিত থাকা অবস্থায়ই সাড়ে ১২টার মধ্যে ২০০ জনের মধ্যে চাল বিক্রি শেষ হয়ে গেছে। ডিলার গুরুপদ রায় প্রথম আলোকে বলেন, ‘১১/১২টার মধ্যেই শেষ হয়ে যায়। চার থেকে পাঁচ শ মানুষ আসে। দুই থেকে তিন শ মানুষ চাল না পেয়ে ফেরত যায় প্রতিদিন। বোরো খেত পানিতে তলিয়ে যাওয়ায় দেশটা (এলাকা) খুব অভাবে। অগ্রহায়ণ মাসের ধান না ওঠা পর্যন্ত এই অভাব থাকবে। এক টন চালের জায়গায় যদি দুই টন চাল দেওয়া হতো, তাহলে ৪০০ মানুষ প্রতিদিন চাল পেত। তাহলে এত চাপ থাকত না।’
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ এনামুল হক বলেন, ‘আমি শুরুর দিন থেকে বলছি চাল বাড়ানোর জন্য। এক টন চাল। মানুষ চলে আসে তিন-চার শ। ডিলার সামাল দিতে পারে না। সকাল ছয়টায় তাঁর বাড়িতে গিয়ে লোক বসে থাকে। এটা একটা যন্ত্রণা। আরও এক টন চাউল দিলে সমস্যা অনেক কম হতো।’
স্থানীয় জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলায় দুটি ওএমএসের চাল বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর একটি নাজিরাবাদ ও অপরটি আখাইলকুড়া ইউনিয়নে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সদরে দুটিসহ সারা জেলায় ১৭টি বিক্রয়কেন্দ্রে প্রতিদিন এক টন করে ছয় দিন চাল বিক্রি করা হচ্ছে। এটা চাহিদার তুলনায় অপ্রতুল। কিন্তু আমাদের এখানে কিছু করার নেই। ত্রাণ মন্ত্রণালয় থেকে বললে পরে আমরা বিক্রয়কেন্দ্র বাড়াতে পারি। চাল বিক্রির বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ আমাদের লোকজনের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে।’