খালি হাতে ফিরছেন হাওরের জিরাতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ও নিকলী উপজেলার কৃষকেরা হাওরের মাঠে অস্থায়ী ঘর তৈরি করে বাস করেন। মাড়াইয়ের পর ধান নিয়ে সেখান থেকে তাঁরা চলে আসেন। স্থানীয়ভাবে তাঁদের জিরাতি বলা হয়। ফসলডুবি হওয়ায় এবার খালি হাতে ফিরছেন তাঁরা।
জিরাতিরা বলেন, প্রতিবার বোরো লাগানোর সময় থেকে তাঁরা বাড়িঘর ফেলে খড় বা টিন দিয়ে ছোট ঘর তৈরি করে হাওরের মাঝখানে বছরের প্রায় অর্ধেকটা সময় থাকেন। বিনিময়ে পান গোলাভরা ধান। এবার তাঁরা সর্বস্বান্ত হয়ে ফিরছেন। এমনকি অস্থায়ী ঘরটুকুও কেউ কেউ আনতে পারেননি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম গতকাল বুধবার বলেন, এ পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ৫৭ হাজার ৮৮৭ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। টাকার হিসাবে ক্ষতি হয়েছে ৮১৭ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। ১ লাখ ৩৮ হাজার ৯২ জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
এলাকাবাসী জানান, পানি শুকানোর পর কার্তিকের শেষের দিকে হাওরাঞ্চল ঘুরলে শত শত ‘জিরাতি বাড়ি’ চোখে পড়ে। এসব বাড়িতে কৃষকেরা বৈশাখ-জ্যৈষ্ঠ পর্যন্ত থাকেন। করিমগঞ্জ, তাড়াইল, সদর, নিকলী, বাজিতপুর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ১০-১৫ হাজার জিরাতি চাষি রয়েছেন।
গত মঙ্গলবার নিকলীর কামালপুর সেতুর কাছে গিয়ে দেখা যায়, নৌকা থেকে কয়েকজন মিলে ঘোড়ার গাড়িতে মালামাল ভরছেন। পাশেই হতাশ মুখে দাঁড়িয়ে আছেন কৃষক হাফিজ উদ্দিন মুন্সি (৬৫)। তাঁর বাড়ি সদরের বৌলাই কুড়েরপাড় এলাকায়।
কাছে যেতেই কান্নাজড়িত কণ্ঠে হাফিজ উদ্দিন মুন্সি বলেন, ‘দিনরাত পরিশ্রম করে অষ্টগ্রামের মোজানল হাওরে পাঁচ একর জমি পত্তন নিয়ে ধান চাষ করেছিলাম। এর আগেও অনেকবার চাষাবাদ করেছি। কিন্তু এত ধান কখনো দেখিনি। অনেক কষ্ট করে ফলনের আশায় যখন অপেক্ষায় রইলাম, সে সময়ই কাল হয়ে এল পানি। চোখের সামনে সোনার ফসল তলিয়ে ঘরেও এখন কোমরপানি। সবকিছু ফেলে শেষ পর্যন্ত একটি সেচযন্ত্র ও ধানমাড়াইয়ের একটি যন্ত্র নিয়ে বাড়ি ফিরছি। ঋণের ১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করতে ছয়টি গরু পানির দরে বিক্রি করতে হলো।’
নিকলী সদরের মোহরকোনা এলাকার মো. কফিল উদ্দিন একই হাওরে জিরাতি থেকে ছয় একর জমিতে ধান চাষ করেছিলেন। তিনিও লগ্নির টাকা পরিশোধ করতে চারটি গরুসহ ঘরের টিন পর্যন্ত বিক্রি করে দিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন।
একই রকম দুঃখের কাহিনি শোনালেন নিকলীর দামপাড়া এলাকার চান্দু মিয়া, কিশোরগঞ্জ সদরের কর্শাকড়িয়াল এলাকার মানিক মিয়া, গোলাম হোসেনসহ অন্তত ১৫ জন কৃষক। তারাঁ বলেন, তাঁদের সঙ্গে এক হাওরেই ২০০ জনের মতো জিরাতি চাষি ছিলেন। তাঁদের বেশির ভাগই অন্যের জমি টাকার বিনিময়ে পত্তন নিয়ে চাষাবাদ করেছিলেন। তাঁরা এখন প্রায় নিঃস্ব। শুনেছেন, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ৫০০ টাকা ও ৩০ কেজি করে চালসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেবে। এতে কি তাঁদের নাম থাকবে? নাকি শুধু জমির মালিকদের তালিকাই তৈরি হবে?
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, অনুদানের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হবে। এতে জিরাতি কৃষকসহ কেউ যেন বাদ না পড়ে সেদিকে প্রশাসন নজর রাখবে।