খালি হাতে ফিরল ৫০০ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ঘণ্টা ধরে অভিযান। অংশ নেয় ৫০০ পুলিশ। তাঁদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারসহ জ্যেষ্ঠ ৪৫ জন কর্মকর্তাও ছিলেন। বিরাট এই অভিযান সত্ত্বেও ফলাফল শূন্য।
মাদকের আখড়া হিসেবে পরিচিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে বরিশাল কলোনিতে গতকাল শনিবার এ অভিযান চালানো হয়। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ অভিযান।
স্থানীয় লোকজনের দাবি, পুলিশের অভিযানের আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দেয়। লুকিয়ে রাখে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মাদক পাওয়া না গেলেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, অভিযানে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।