খালিই থাকছে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার আট বছর হয়ে গেলেও জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রটিতে অনুষ্ঠান হচ্ছে খুবই কম। প্রায় খালিই পড়ে থাকে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত মিলনায়তনটি। ভাড়া বেশি বলে নাটকের দল আসছে না। অনুষ্ঠান না হলেও রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে ঠিকই।
গেন্ডারিয়ার কে বি রোডের ৪০০ আসনবিশিষ্ট জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন। পুরান ঢাকায় নাটক ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে এটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এখন মাসে বড়জোর দু-তিনটি নাটক হয়। বাকি সময় বন্ধই থাকে।
কেন্দ্রের ভেতরে ৮৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায় কাউন্সিলরের কার্যালয়ে লোকজনের আনাগোনা। সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ের সামনে দুজন কর্মচারী বসা। তাঁদের একজন মো. সুমন বললেন, নাটক এখন তেমন হয় না। কেন্দ্রটি ঘুরে দেখতে চাইলে তিনি বলেন, ‘এখন চাবি নেই।’
সুমন বলেন, এই মাসে এখন পর্যন্ত কোনো নাটক হয়নি। নাটক না থাকলে তাঁদের বসে থাকা ছাড়া তেমন কাজ থাকে না। ভাড়া অনেক বেশি হওয়ায় স্থানীয় ব্যক্তিরা আসতে চান না। বললেন, ‘শুরুতে ৫ হাজার ৫ টাকায় ভাড়া নেওয়া যাইত। এখন ১০ হাজারের বেশি লাগে।’ তিনি বললেন, ১৮টি এসির মধ্যে ১৪টি নষ্ট। আলো, শব্দ প্রক্ষেপণব্যবস্থায়ও সমস্যা আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানি বলেন, এখানে নাটকের চেয়ে সভা-সেমিনার বেশি হয়। বিভিন্ন সংগঠন নিজেদের অনুষ্ঠান করে থাকে।
নাটক না হলেও প্রতি মাসে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ হচ্ছে। জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধায়ক অমরেশ মণ্ডল বলেন, ‘নাটক হোক না হোক, প্রতি মাসে ১৬ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হয়।’ নতুন ঢাকার ভেতরে যেসব নাট্যমঞ্চ আছে, সেখানে খরচ এর চেয়ে কম। তা ছাড়া দর্শকও এখানে কম। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কারও হয়নি। সংস্কার করার জন্য গত মাসেও ডিএসসিসিতে বলেছেন।
গত ১৯ আগস্ট জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকী ছিল। কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীর নিজের নামের প্রতিষ্ঠানটিতেই তাঁকে নিয়ে কোনো অনুষ্ঠান হয়নি। জানতে চাইলে অমরেশ মণ্ডল বলেন, ‘শিল্পকলা একাডেমি আলিয়ঁস ফ্রঁসেজে প্রোগ্রাম করে। আমাদের এখানে করেনি।’ জানালেন, জহির রায়হানের পরিবার থেকেও কেউ আসে না।
জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রটি দেখভাল করে ডিএসসিসির ৫ নম্বর অঞ্চল। এর আঞ্চলিক কর্মকর্তা বিজয় কৃষ্ণ বলেন, ‘সংস্কার করার জন্য প্রকৌশল বিভাগে চিঠি দেওয়া হয়েছে। ঠিক হয়ে যাবে।’ ভাড়ার ব্যাপারে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করেছে।’
শুরুর দিকে বেশ কিছু নাট্যোৎসব করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ ব্যাপারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী বলেন, ‘শুরুতে ভাড়া কম ছিল। পরে হঠাৎ করে সিটি করপোরেশন ভাড়া বাড়িয়ে দেয়। এটা আমাদের অনেক দলের জন্যই নাগালের বাইরে।’ ভাড়া কমানোর জন্য ডিএসসিসিকে তাঁরা চিঠিও দিয়েছেন। এ বছরের মার্চ-এপ্রিলে তাঁরা শেষ নাটক প্রদর্শনী করেন। এখন ভাড়া কমানোর অপেক্ষা করছেন। তিনি আরও বলেন, নাট্যচর্চা করতে পারলে এখানে নিয়মিত দর্শক তৈরি হবে।