খালিদ মাহমুদ মিঠুর দাফন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট চিত্রশিল্পী ও চিত্রপরিচালক খালিদ মাহমুদ মিঠুকে আজ বুধবার বিকেলে বনানী কবরস্থানে তাঁর বাবা শামসুদ্দিন আহমেদের কবরে দাফন করা হবে। খালিদ মাহমুদ মিঠুর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ১২টায় কিছু সময়ের জন্য রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার পর বনানী যাওয়ার পথে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে, এরপর শেষ জানাজা হবে চ্যানেল আই কার্যালয়ে।
গত সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির চার নম্বর সড়কে উপড়ে পড়া গাছের চাপায় নিহত হন খালিদ মাহমুদ মিঠু। রাতে ধানমন্ডিতে তাঁর বাসভবনে জানাজার পর মরদেহ স্কয়ার হাসপাতালের শবাগারে রাখা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে আর্য শ্রেষ্ঠ লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথম আলোকে বলেন, ‘জানুয়ারি মাসে আমি যখন লন্ডনে যাই, সেদিন বাবা আমাকে বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। আমি ভেতরে যাওয়ার পর বাবা অনেকক্ষণ গ্লাসের বাইরে থেকে তাকিয়েছিলেন। আমাকে দেখছিলেন। ভেতর থেকে আমি বাবাকে দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ বাবাকে দেখতে পাই। আমি হাত নেড়ে তাঁকে বিদায় জানাই।’