খালিশপুরে পাটকল শ্রমিকদের বিবর্ণ ঈদ-পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে পাটকলশ্রমিকদের বকেয়া মজুরি আর বোনাসের পুরো টাকা পরিশোধ করার কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত বৃহস্পতিবার এক সপ্তাহের মজুরি আর বোনাসের টাকা পেয়েছেন শ্রমিকেরা। ঋণ পরিশোধ ও সংসারের খরচ মেটাতে ওই অর্থ তাঁদের ব্যয় হয়ে গেছে। ফলে শ্রমিক কলোনিগুলোতে ঈদ ও পূজার আনন্দ নেই।
খালিশপুরের বিআইডিসি সড়কের দুই পাশে খুলনার চারটি রাষ্ট্রায়ত্ত পাটকল এবং এর শ্রমিক কলোনিগুলোর অবস্থান। গতকাল শনিবার চারটি কলোনির কমপক্ষে ৩০ জন শ্রমিকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। প্লাটিনাম জুট মিলে স্পিনার পদে কাজ করা মো. জুলু মিনা বলেন, ‘শ্রমিকগোর ঠেকা সব সময় বেশি। যে টাকাডি পাইছি তাতে চাইল, ডাইল কিননের পর আমগোর আর ঈদ নাই।’ একই কলোনির অস্থায়ী একজন শ্রমিক ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাগের পুরো বিল দিল না। কিন্তু কারখানার কর্মচারী-কর্মকর্তারা তো ঠিকই পুরো বেতন-বোনাস পাইছে।’
ক্রিসেন্ট জুট মিলের ফিনিশিং বিভাগের শ্রমিক ধীরেন্দ্রনাথ রায় কলোনির মধ্যে একটি ছোট পূজামণ্ডপের সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, পুরো টাকাটা না পাওয়ায় বউ-ছেলে-মেয়ে নিয়ে বাড়ি যাওয়া হয়নি তাঁর। ক্রিসেন্ট জুট মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন দাবি করেন, খুলনা ও যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সাতটিতে দুই সপ্তাহের মজুরি বাকি রাখা হয়েছে। এগুলো হলো ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, আলীম ও স্টার জুট মিলস এবং যশোর জুট ইন্ডাস্ট্রিজ। আর খালিশপুর জুট মিল এবং যশোরের কার্পেটিং জুট মিলসে বকেয়া রয়েছে এক সপ্তাহের মজুরি। এ নয়টি পাটকলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫০ হাজারের মতো শ্রমিক কাজ করেন বলে জানান মুরাদ হোসেন।
এ বিষয়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের প্রধান মামুন-অর-রশীদ বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করার জন্য প্রয়োজন ছিল ৮০ কোটি টাকা। কিন্তু ৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় পুরো মজুরি পরিশোধ করা সম্ভব হয়নি। তবে ঈদের পরেই শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে।