খালিশপুরে প্রাণচাঞ্চল্য, রূপসা নীরব-নিথর
অনেক আন্দোলন-চেষ্টার পর শিল্পনগর খুলনার খালিশপুরে একটি বাদে সব মিল-কলকারখানা চালু হয়েছে। এরই মধ্যে শ্রমিকেরা তাঁদের বকেয়া পাওনাদি পেয়েছেন। তবে উল্টো চিত্র রূপসা শিল্পাঞ্চলে। বন্ধ রয়েছে সেখানকার একসময়ের বৃহৎ প্রতিষ্ঠান দাদা ম্যাচ কারখানা। শ্রমিকদের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে।
১৯৫০ সালের শুরুতে ভৈরব ও রূপসা নদীর কোল ঘেঁষে খুলনা অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা স্থাপিত হতে থাকে, যা ধীরে ধীরে খুলনাকে শিল্পনগরে পরিণত করে। স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ মিল, কল-কারখানা সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। শুরু হয় নতুনভাবে পথচলা। কিন্তু ১৯৯০ থেকে ২০০৭ সালের ৩১ জুলাইয়ের মধ্যে বন্ধ হয়ে যায় অধিকাংশ কলকারখানা।
জানা যায়, বন্ধের সময় নিউজপ্রিন্ট মিলের প্রায় তিন হাজার, দৌলতপুর জুট মিলের প্রায় আড়াই হাজার ও পিপলস জুট মিলের প্রায় সাড়ে পাঁচ হাজার, আলিম জুট মিলের প্রায় চার হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। খুলনার চারটি রাষ্ট্রায়ত্ত পাটকলের (ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও ইস্টার্ন) আন্দোলনরত প্রায় সাড়ে তিন হাজার মজুরিভিত্তিক শ্রমিক বকেয়াসহ ছয় দফা দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আর ৫৭ ও ৬০ বছরে অবসর নেওয়া বিভিন্ন মিলের আরও প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী বকেয়া না পেয়ে হতাশ হয়ে পড়েন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালিশপুরের মিলগুলো অধিকাংশ চালু হয়। পিপলস জুট মিল এর নাম পরিবর্তন করে খালিশপুর জুট মিল নামে যাত্রা শুরু করে। ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকদের বকেয়া টাকা তিন কিস্তিতে পরিশোধ করা হয়। তবে চালু হয়নি নগরের নিউমার্কেট এলাকার খুলনা টেক্সটাইল মিল ও খালিশপুরের খুলনা নিউজপ্রিন্ট মিল।
গতকাল বুধবার সকালে খালিশপুর শিল্প এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা কর্মব্যস্ত। খালিশপুর জুট মিলের শ্রমিক পান্নু শিকদার বলেন, ‘মিল বন্ধের পর ভ্যান চালাতাম। বকেয়া বেতন পেয়েছি। এখন শান্তিতে আছি।’
উল্টো চিত্র নগরের রূপসা শিল্প এলাকায়। সেখানকার দাদা ম্যাচ কারখানা বন্ধ হওয়ার পর থেকে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকেরা। পিএফ, গ্র্যাচুইটির প্রায় ছয় কোটি আর ১০ মাসের বেতন বাবদ এক কোটি টাকা পাওনা থাকলেও বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন বন্ধ কারখানার শ্রমিকেরা।
দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন সম্প্রতি কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু অর্থাভাবে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেননি। কারখানার অপর এক শ্রমিক আলমগীর হোসেন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে দৃষ্টিহীন। ২০১০ সালে বন্ধের পর এ পর্যন্ত মারা গেছেন দাদা ম্যাচের অন্তত ৭০ জন শ্রমিক। এসব শ্রমিকের পরিবারের সদস্যরা কে কোথায় আছেন, তার খবর কেউ জানে না।
দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ প্রথম আলোকে বলেন, অর্থ মন্ত্রণালয় মাত্র ১০ কোটি টাকা ছাড় না দেওয়ায় কারখানা চালু হচ্ছে না। তাঁর প্রশ্ন, আর কত শ্রমিকের মৃত্যুর কান্না শুনতে চায় সরকার। আর কত লাশ দেখলে তারা এ মিল চালু করবে?